চট্টগ্রামের ফটিকছড়ির হেয়াকোঁ বাজারের একটি ডায়াগনস্টিক সেন্টারের তালাবদ্ধ কক্ষ থেকে রাশেদুল আনোয়ার নামে এক ছাত্রদল নেতার লাশ উদ্ধার করা হয়েছে। এসময় অচেতন অবস্থায় মো. আরমান নামে আরও একজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে।
রোববার (৫ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার দাঁতমারা ইউনিয়নের হেঁয়াকো পল্লী ডায়াগনস্টিক সেন্টারে এ ঘটনা ঘটে।
নিহত রাশেদুল আনোয়ার ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড মুহাম্মদপুর এলাকার নাসির মিয়ার ছেলে। আহত আরমান একই এলাকার ব্যবসায়ী আমানউল্লাহর ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানায়, সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে একটি ঘর থেকে রাশেদুল আনোয়ারের মরদেহ উদ্ধার করা হয়। একই ঘর থেকে অপর এক যুবককে অচেতন অবস্থায় উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত রাশেদুল আনোয়ার ইউনিয়ন বিএনপির সহ ছাত্রবিষয়ক সম্পাদক ও পল্লী ডায়গনস্টিক সেন্টারের মার্কেটিং অফিসার ছিলেন।
প্রত্যক্ষদর্শী পল্লী ডায়াগনস্টিক সেন্টারের চিকিৎসকের সহকারী লক্ষ্মীবালা বলেন, সকালে অফিস খুলে দেখি, রুমটি ভেতর থেকে তালাবদ্ধ। অনেক ডাকাডাকি করে কোনো সাড়া না পেলে, লোকজন এসে তালা ভেঙ্গে দুজনকে উদ্ধার করে।
ঘটনার সতত্যা নিশ্চিত করে হেয়াঁকো জেনারেল হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক আব্দুল্লাহ আল রুহানী বলেন, সকাল ১০ টার দিকে দুজনকে নিয়ে আসে। তাদের মধ্যে রাশেদকে মৃত অবস্থায় পাই। অপরজনকে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
দাঁতমারা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোবারক হোসেন খাঁন বলেন, তালাবদ্ধ কক্ষ থেকে মরদেহ ও একজন অচেতন যুবক উদ্ধার করে হাসপাতালে নিয়েছে স্থানীয়রা। লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
ডিজে




