টি-টোয়েন্টি সিরিজ/ চট্টগ্রামে ট্রফি উন্মোচনে সাদামাটা আয়োজন
কংক্রিটের শহরের চিরচেনা সেই পাঁচতারকা হোটেল ‘রেডিসন ব্লু’র মূল ফটকে আয়ারল্যান্ডের সঙ্গে টি-টোয়েন্টি সিরিজের ট্রফি উন্মোচন করেছে বাংলাদেশ। আগে বিভিন্ন সিরিজের ট্রফি উন্মোচন অনুষ্ঠান অনেকটা ঢাক-ঢোল পিটিয়ে করা হলেও এবার বলতে গেলে অনেকটা নিঃশব্দে সাড়া হয়েছে।
মাস খানেক আগে উন্ডিজদের সঙ্গে শেষ হওয়া সিরিজের ট্রফি উন্মোচনে বীর চট্টলার ইতিহাস আর গৌরবের সংমিশ্রণ দেখা গেলেও, এবার ছিল না তেমন কিছু। যেন উইন্ডিজদের কাছে ‘হোয়াইটওয়াশ’ হওয়াটাই চট্টলবাসীর ক্রিকেটীয় উন্মাদনা কমিয়ে দিয়েছে।
তাই তো ট্রফি উন্মোচন নিয়েও গণমাধ্যমগুলোরও খু্ব বেশি সংবাদ চোখে পড়েনি। ছিল না লিটনদের নিয়ে রিপোর্টারদের আবেগ মাখা কোনো প্রতিবেদনও। যা ছিল, তা শুধু ফরম্যালিটি রক্ষারই মতো।
যদিও অধিনায়ক লিটনের চোখে মুখে ছিল তুলনামূলক দুর্বল আইয়ারল্যান্ডকে হারিয়ে সিরিজ জিতার চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ নিতে লিটনদের খুব একটা কাঠখড় পোহাতে হবে না বলেও মনে হয়। কেন না, হেড-টু-হেড পরিসংখ্যানে টি-টোয়েন্টির শেষ আট সিরিজে টাইগাররা জিতেছিল ৫টি আর দুটি আয়রিশরা। এছাড়াও ঘরের মাঠে বাড়তি সুবিধাও পাবেন স্বাগতিকরা।
এদিকে আইয়ারিশদের বিরুদ্ধে টাইগারদের ব্যাটিং কোচ হিসেবে রয়েছেন দলের সাবেক ব্যাটার মোহাম্মদ আশরাফুল। ইতোমধ্যে কোচ আশরাফুল নিজের দলের ব্যাটারদের ঝালিয়ে নিয়েছেন সাগর পাড়ের মাঠে, ফ্লাড লাইট ও সান লাইটের আলোতে। এখন দেখার বিষয়, নতুন কোচের কোচিংয়ে বাংলার ব্যাটিং ফরম্যাট কতটা সফল হবে।
আগামী ২৭ নভেম্বর থেকে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে এই টি-টোয়েন্টি সিরিজ। সিরিজের অপর দুই ম্যাচ অনুষ্ঠিত হবে ২৯ নভেম্বর ও ২ ডিসেম্বর।
ডিজে


