ফুটবল বিশ্বের দুই চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ও ব্রাজিলের লড়াইয়ের আবহ এবার ছড়িয়ে পড়েছে চট্টগ্রামের গণমাধ্যম অঙ্গনে। টেলিভিশন গণমাধ্যমকর্মীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হতে যাওয়া বহুল প্রতীক্ষিত ‘আর্জেন্টিনা বনাম ব্রাজিল’ প্রীতি ফুটবল ম্যাচকে সামনে রেখে সোমবার (২৯ জুন) চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়েছে দুই দলের জার্সি ও চ্যাম্পিয়ন ট্রফি। এর মধ্য দিয়ে শুরু হয়েছে ম্যাচের আনুষ্ঠানিক কাউন্টডাউন।
টিভি ক্যামেরা জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (টিসিজেএ), চট্টগ্রামের উদ্যোগে মঙ্গলবার (৩০ জুন) সকাল সাড়ে ৭টায় চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই প্রীতি ম্যাচ। এতে চট্টগ্রামে কর্মরত বিভিন্ন টেলিভিশন চ্যানেলের গণমাধ্যমকর্মীরা আর্জেন্টিনা ও ব্রাজিল দলের জার্সি গায়ে মাঠে নামবেন।
সোমবার সকালে আয়োজিত জমকালো অনুষ্ঠানে আর্জেন্টিনা দলের অধিনায়ক আবু জাহেদ এবং ব্রাজিল দলের অধিনায়ক সাখাওয়াত হোসেন টিপু ট্রফি ও জার্সি উন্মোচন করেন। এ সময় উপস্থিত ছিলেন টিসিজেএ সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক আশরাফুল আলম মামুন, সহসভাপতি সানজীব দে, যুগ্ম সম্পাদক বাসু দে, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, দপ্তর সম্পাদক সাইমুন আল মুরাদ, নির্বাহী সদস্য রবিউল ইসলাম টিপু, সাবেক সভাপতি সফিক আহমেদ সাজিব, সাবেক সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিনসহ সংগঠনের নেতৃবৃন্দ ও সাধারণ সদস্যরা।
ম্যাচকে ঘিরে ইতিমধ্যে দুই দলের খেলোয়াড়দের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। শেষ মুহূর্তের প্রস্তুতিতে অনুশীলনে ব্যস্ত সময় পার করছেন গণমাধ্যমকর্মী ফুটবলাররা। মাঠের বাইরে সামাজিক যোগাযোগমাধ্যম ও চায়ের আড্ডাতেও কে জিতবে, আর্জেন্টিনা নাকি ব্রাজিল, তা নিয়ে চলছে প্রাণবন্ত আলোচনা ও বন্ধুত্বপূর্ণ খুনসুটি। সব মিলিয়ে আয়োজনটি চট্টগ্রামের গণমাধ্যমকর্মীদের মধ্যে উৎসবের আবহ তৈরি করেছে।
আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, এই প্রীতি ম্যাচের উদ্দেশ্য শুধু জয়-পরাজয় নির্ধারণ নয়; বরং গণমাধ্যমকর্মীদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও বন্ধনকে আরও দৃঢ় করা। তবে লক্ষ্য সৌহার্দ্য হলেও মাঠের লড়াইয়ে কোনো দলই ছাড় দিতে প্রস্তুত নয়। ফলে দর্শকদের জন্য প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও উপভোগ্য একটি ম্যাচের প্রত্যাশা করছেন আয়োজকেরা।
ফুটবলপ্রেমী সাংবাদিকদের অংশগ্রহণে আয়োজিত এই প্রীতি ম্যাচকে ঘিরে চট্টগ্রামের ক্রীড়াঙ্গনেও উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। এখন সবার দৃষ্টি মঙ্গলবার সকালের সেই বহুল প্রতীক্ষিত ম্যাচের দিকে, যেখানে চ্যাম্পিয়ন ট্রফি শেষ পর্যন্ত আর্জেন্টিনা নাকি ব্রাজিলের হাতে ওঠে, সেটিই দেখার অপেক্ষা।




