চট্টগ্রামে জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকার সফর নিয়ে নিরাপত্তা প্রস্তুতি, ব্যাগ-বোতল নিষিদ্ধ

চট্টগ্রাম সফর উপলক্ষে জিম্বাবুয়ে জাতীয় ক্রিকেট দল ও দক্ষিণ আফ্রিকার ইমার্জিং পুরুষ ও নারী দলের জন্য নিরাপত্তা ব্যবস্থা ও নির্দেশনা নিয়ে সিএমপির সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় জানানো হয়, নিরাপত্তার স্বার্থে স্টেডিয়ামে শুধু মোবাইল ও মানিব্যাগ ছাড়া অন্য কিছু আনা যাবে না। ভ্যানিটি ব্যাগ, লাঠি, পাথর, বোতল, বক্সসহ সবকিছু নিষিদ্ধ।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিকেল সাড়ে ৩টায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরের সম্মেলন কক্ষে এ সভা হয়। এতে সভাপতিত্ব করেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. হুমায়ুন কবির।

সভায় তিনি আসন্ন ক্রিকেট ম্যাচকে ঘিরে সিএমপির নেওয়া নিরাপত্তা ব্যবস্থা ও নির্দেশনা উপস্থাপন করেন। তিনি বলেন, খেলা সুষ্ঠু ও নির্বিঘ্ন রাখতে নগরবাসীর সহযোগিতা প্রয়োজন। একইসঙ্গে নিরাপত্তা নির্দেশনা মেনে চলার অনুরোধ জানান তিনি।

তিনি সংশ্লিষ্ট সব সংস্থাকে আন্তরিকভাবে সমন্বিতভাবে কাজ করার ওপরও গুরুত্বারোপ করেন। একইসঙ্গে নিরাপত্তার নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত উপ-পুলিশ কমিশনার (সদর) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ, উপ-পুলিশ কমিশনার (পশ্চিম) হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া, সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বাংলাদেশ সেনাবাহিনী, জেলা প্রশাসন, র‌্যাব-৭, ডিজিএফআই, রেলওয়ে পুলিশ, এপিবিএন, এনএসআই, সিভিল সার্জন, ফায়ার সার্ভিস, ওয়াসা, বিসিবি, বিআরটিএ, বিটিসিএল, সিভিল এভিয়েশন ও ভেন্যু ম্যানেজার প্রতিনিধিরা।

জেজে/ডিজে

ksrm