চট্টগ্রামে জামায়াত নেতার মাদ্রাসা থেকে ১৩ বস্তা সরকারি বীজ উদ্ধার

চট্টগ্রামের লোহাগাড়ায় জামায়াতের আমির শামসুল ইসলাম হেলালী পরিচালিত মাদ্রাসা থেকে সরকারি ১৩ বস্তা ধানের বীজ উদ্ধার করা হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বীজগুলো বিনামূল্যে কৃষকদের কাছে বিতরনের কথা ছিল। তবে বীজগুলো জামায়াত নেতার কাছে কিভাবে গেল, তা জানতে তদন্ত করছে প্রশাসন।

শুক্রবার (১৪ আগস্ট) বিষয়টি জানাজানি হলেও বীজ উদ্ধারের ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার। ওইদিন বিকালে উপজেলার চরম্বা ইউনিয়নের জামেউল উলুম মাদ্রাসা থেকে এসব বীজ উদ্ধার করা হয়।

অভিযুক্ত হেলালী উপজেলার চরম্বা ইউনিয়ন জামায়াতের আমির। একইসঙ্গে তিনি মাদ্রাসাটির ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্বে রয়েছেন।

সরকারি বীজ আত্মসাৎ করার ঘটনায় অভিযুক্ত জামায়াত নেতা হেলালীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। নোটিশের জবাব পাওয়ার পর পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়।

স্থাণীয়রা জানান, বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বায়েজিদ-বিন-আকন্দ মাদ্রাসাটি পরিদর্শনে যান। তখন তিনি অধ্যক্ষের রুমের পাশে আরেকটি কক্ষ তালাবদ্ধ দেখতে পান এবং তা খোলার নির্দেশ দেন। এরপর ওই কক্ষে স্তুপ করে রাখা ১৩ বস্তা বীজগুলো দেখতে পান তিনি। যদিও তাৎক্ষণিকভাবে সরকারি বীজ মাদ্রাসায় কিভাবে এলো তার উত্তর দিতে পারেননি প্রতিষ্ঠানটির অধ্যক্ষ হেলালী।

তবে এ বিষয়ে গণমাধ্যমকে হেলালী জানান, কৃষকদের দেওয়ার জন্য তাকে ১৭ বস্তা বীজ দেওয়া হয়েছিল। ইতোমধ্যে চারবস্তা বিতরণ করলেও বাকিগুলো ব্যস্ততার জন্য বিতরণ করতে পারেননি।

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কাজী শফিউল ইসলাম বলেন, সরকারি অনুদান হিসেবে আমরা বীজগুলো বিতরন করি। তবে চরম্বা ইউনিয়নটি দূরবর্তী হওয়ায় কৃষকদের দুজন প্রতিনিধির মাধ্যমে বীজগুলো পাঠানো হয়েছিল। এসব বীজ আরও ১৫ দিন আগে কৃষকদের মাঝে বিতরণ করার কথা।

তিনি বলেন, কী কারণে এসব বীজ এখনও বিতরণ করা হয়নি, কীভাবে সেগুলো একজন রাজনৈতিক নেতার কাছে গেল, তা আমরা তদন্ত করে ব্যবস্থা নেব।

বিএস/ডিজে

ksrm