চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগ-যুবলীগের ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা

চট্টগ্রামে গ্রেপ্তার হওয়া নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (৪ মে) হালিশহর থানায় মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) উপ-পরিদর্শক মো. নোমান বাদি হয়ে মামলাটি করেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, আসামিরা টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ গ্রুপ ব্যবহার করে গোপনে নাশকতার পরিকল্পনা করছিলেন। তারা অনলাইনে সংগঠিত হয়ে সরকারবিরোধী কর্মকাণ্ড, জনমনে আতঙ্ক সৃষ্টি এবং সন্ত্রাসী তৎপরতা চালানোর চেষ্টায় ছিলেন।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রোববার রাত ৯টার দিকে নগরের নয়াবাজার বিশ্বরোড এলাকায় তায়েফ রেস্টুরেন্টে অভিযান চালিয়ে ১৪ জনকে গ্রেপ্তার করা হয়। মামলায় গ্রেপ্তার ১৪ জনসহ আরও ৯০ থেকে ৯৫ জনকে অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে।

এজাহার সূত্রে জানা গেছে, গ্রেপ্তারদের মধ্যে মোহাম্মদ শহিদুল ইসলাম ‘শেখ হাসিনা ঐক্য পরিষদ’ নামে একটি সংগঠনের প্রধান সংগঠক। বৈঠকে দেশের বাইরে থাকা দলীয় নেতাদের সঙ্গে সমন্বয় করে রাষ্ট্রবিরোধী কার্যক্রম পরিচালনার পরিকল্পনা করা হচ্ছিল।

শহিদুলের কাছ থেকে দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। এতে শেখ হাসিনা ঐক্য পরিষদ নামে একটি টেলিগ্রাম গ্রুপসহ চট্টগ্রাম দক্ষিণ, চট্টগ্রাম উত্তর ও ফেনী জেলা শিরোনামের একাধিক হোয়াটসঅ্যাপ গ্রুপ পাওয়া গেছে।

মামলার আসামিরা হলেন—মো. শহিদুল ইসলাম (৩৭), মো. নয়ন (১৯), মেহেদী হাসান সোহান (২১), মো. ইব্রাহীম (২৪), সাজ্জাদ হোসেন রাকিব (২৪), মো. ইসমাইল (২৬), রবিউল ইসলাম রাজু (২০), মো. সাকিল খান (২০), মো. রাজিব (২৯), মো. আশরাফুল (১৯), জাহেদ হোসেন (৩৪), মো. আরিফ (২৫), মো. রাফি (২০) ও ইমাম হোসেন (৩০)।

হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মো. সুলতান আহসান উদ্দিন জানান, আসামিদের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা হয়েছে। গ্রেপ্তার দেখিয়ে সোমবার তাদের আদালতে পাঠানো হয়েছে।

টিএ/ডিজে

ksrm