চট্টগ্রামে গোয়েন্দা সেজে শাহজাহান চৌধুরীর কাছে চাঁদা দাবি করে ধরা চন্দনাইশের যুবক

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) কর্মকর্তা পরিচয় দিয়ে চাঁদাবাজি অভিযোগে গ্রেপ্তার হয়েছেন এক যুবক। তিনি চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সদ্য নির্বাচিত সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা শাহজাহান চৌধুরীর কাছ চাঁদা দাবি করেন।

গ্রেপ্তার যুবকের নাম মো. ফখরুদ্দিন (৩৫)। তার বাড়ি চন্দনাইশ উপজেলার বরকল ইউনিয়নে।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে সাতকানিয়া পৌরসভার ছমদরপাড়া এলাকা থেকে সেনাবাহিনী ও পুলিশের যৌথ দল তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে সাতকানিয়া থানায় একটি মামলা হয়েছে।

পুলিশ জানিয়েছে, শনিবার দুপুরে বাড়িতেই ছিলেন সংসদ সদস্য শাহজাহান চৌধুরী। এ সময় ফখরুদ্দিন সেখানে গিয়ে নিজেকে এনএসআই কর্মকর্তা দাবি করেন। একপর্যায়ে শাহজাহান চৌধুরীর ব্যক্তিগত সহকারীর কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবি করেন। এ সময় যৌথ বাহিনীকে বিষয়টি জানায়। পরে ফখরুদ্দিনকে গ্রেপ্তার করে যৌথ বাহিনী। ফখরুদ্দিনের মানিব্যাগে সেনাবাহিনীর ইউনিফর্ম পরা একাধিক ভুয়া ছবি পাওয়া গেছে।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফখরুল চাঁদা দাবির কথা স্বীকার করেছেন। তার নামে থানায় মামলা হয়েছে।

ডিজে

ksrm