চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে নূর ইসলাম নামে এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। তিনদিন আগে আদালত তাকে জামিন দেন। তারপরও বিনা মামলায় তাকে আটকে রাখে কারা কর্তৃপক্ষ। মানসিক অত্যাচারে তার মৃত্যু হয়েছে বলে অভিযোগ তুলেছেন নিহতের আইনজীবী।
বুধবার (২ সেপ্টেম্বর) বিকাল ৩টার দিকে তার মৃত্যু হয় বলে জানান চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার সৈয়দ শাহ শরীফ।
নূর ইসলাম (৫৫) মীরসরাই পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।
তিনি স্থানীয় একটি হাসপাতালের মার্কেটিং বিভাগে কর্মরত ছিলেন। গত ৩১ জুলাই সন্ত্রাসবিরোধী আইনের এক মামলায় গ্রেপ্তার নূর ইসলামকে কারাগারে আনা হয়েছিল।
জেল সূত্রে জানা গেছে, বুধবার দুপুর আড়াইটার দিকে নূর ইসলাম বুকের ব্যথায় অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে কারাগারে হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়। সেখান থেকে বিকেল ৩টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জামিনের পরও মেলেনি মুক্তি
নূর ইসলামের আইনজীবী শাহাদাত হোসেনের দাবি, আদালতের জামিন আদেশ থাকা সত্ত্বেও তাকে অন্যায্যভাবে কারাগারে আটকে রাখা হয়েছিল। তিনি জানান, গত ৩১ আগস্ট আদালত থেকে নূর ইসলামের জামিন মঞ্জুর হয় এবং সেদিন বিকেলেই জামিনের লিখিত আদেশ কারাগারে পৌঁছায়। নিয়ম অনুযায়ী সেদিনই তার মুক্ত হওয়ার কথা ছিল। কিন্তু মিরসরাই থানা পুলিশ তাকে অন্য একটি মামলায় ‘গ্রেপ্তার দেখানোর’ (শোন- অ্যারেস্ট) আবেদন করায় তাকে ছাড়া হয়নি। ওই আবেদনের শুনানির জন্য আগামী ৬ সেপ্টেম্বর দিন ধার্য ছিল।
শাহাদাত হোসেন আরও বলেন, ২ সেপ্টেম্বর যখন নূর ইসলাম মারা যান, তখন তার বিরুদ্ধে কার্যকর কোনো আটকাদেশ বা মামলা ছিল না। জামিন পাওয়ার পর কোনো আদেশ ছাড়া তাকে বন্দি রাখা হয়েছিল, যা বর্তমানে নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। তিনি অনেকটা মানসিক চাপে মৃত্যুবরণ করেন।
বিএস/ডিজে




