চট্টগ্রামে এসে পূর্ণিমা সঙ্গ দিচ্ছেন করোনায় ভোগা একমাত্র মেয়েকে

0

করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পরপরই চিত্রনায়িকা পূর্ণিমার মেয়ে আরশিয়া উমাইজাকে ভর্তি করা হয়েছে চট্টগ্রামের একটি হাসপাতালে। পূর্ণিমা ও তার স্বামী ফাহাদ জামাল সার্বক্ষণিকভাবেই মেয়ের দেখাশোনা করছেন বলে জানা গেছে। এর আগে পূর্ণিমা নিজেও করোনায় আক্রান্ত হয়ে মাত্র সুস্থ হয়ে উঠেছেন।

চট্টগ্রামের বাসায় থাকা পূর্ণিমার মেয়ে আরশিয়া উমাইজার মধ্যে করোনার উপসর্গ দেখা দিলে গত সোমবার (৩১ জানুয়ারি) তার নমুনা পরীক্ষা করানো হয়। সেই পরীক্ষায় তার করোনা পজিটিভ আসে।

এরপর অবস্থার অবনতি ঘটার আশঙ্কায় পূর্ণিমার স্বামী ব্যবসায়ী আহমেদ ফাহাদ জামাল মেয়েকে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করান। তবে তার শারীরিক অবস্থা বর্তমানে ভালো। মেয়ের করোনা আক্রান্ত হওয়ার খবর পেয়েই পূর্ণিমা ঢাকা থেকে চট্টগ্রামে ছুটে আসেন।

বুধবার (২ ফেব্রুয়ারি) সকালে ফেসবুকে দেওয়া এক পোস্টে মেয়ের করোনা আক্রান্ত হওয়ার খবরটি জানান পূর্ণিমার স্বামী আহমেদ জামাল ফাহাদ। সেখানে তিনি লিখেন, ‘আমার মেয়ে করোনা পজিটিভ, আমার মেয়েকে আপনাদের প্রার্থনায় রাখুন।’

এর আগে গত ২২ জানুয়ারি করোনাভাইরাসে আক্রান্ত হন পূর্ণিমা নিজেও। ৩০ জানুয়ারি তিনি করোনামুক্ত হন।

চট্টগ্রামের ব্যবসায়ী আহমেদ ফাহাদ জামালকে ২০০৭ সালের ৪ নভেম্বর পারিবারিকভাবে বিয়ে করেন পূর্ণিমা। এর সাত বছর পর ২০১৪ সালের ১৩ এপ্রিল জন্মগ্রহণ করে তাদের মেয়ে আরশিয়া উমাইজা। পূণিমার বাড়ি চট্টগ্রামের ফটিকছড়িতে।

সিপি

ksrm