চট্টগ্রামে এসএসসিতে ফেল থেকে পাস করলো ১৯০ জন, জিপিএ পরিবর্তন ১ হাজার ১৮৫ শিক্ষার্থীর

পুনঃনিরীক্ষণে নতুন করে জিপিএ-৫ পেয়েছে ৮৩ জন

২০২৬ সালের এসএসসি পরীক্ষার খাতা পুনঃমূল্যায়নে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ৩ হাজার ১১৪টি উত্তরপত্রের নম্বরে পরিবর্তন এসেছে। এতে মোট ২ হাজার ৯৭৫ জন পরীক্ষার্থীর নম্বর পরিবর্তন হয়েছে। এর মধ্যে ১ হাজার ১৮৫ জন পরীক্ষার্থীর জিপিএ পরিবর্তন হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) চট্টগ্রাম শিক্ষা বোর্ডের নিয়ন্ত্রক অধ্যাপক ড. মো. পারভেজ সাজ্জাদ চৌধুরী স্বাক্ষরিত ফলাফল পরিসংখ্যানে এসব তথ্য উল্লেখ করা হয়েছে।

বোর্ডের তথ্য অনুযায়ী, চলতি বছরের এসএসসি পরীক্ষার ফল পুনঃমূল্যায়নের জন্য মোট ৩৯ হাজার ৯৭৮ জন পরীক্ষার্থী আবেদন করেন। তাদের মোট ১ লাখ ১৪ হাজার ৭০৬টি উত্তরপত্র পুনঃমূল্যায়নের আওতায় আসে।

পুনঃমূল্যায়নে ৩ হাজার ১১৪টি উত্তরপত্রের নম্বরে পরিবর্তন করা হয়। এতে ২ হাজার ৯৭৫ জন পরীক্ষার্থীর নম্বর পরিবর্তিত হয়েছে। তবে নম্বর পরিবর্তন হলেও ১ হাজার ৭৯০ জনের জিপিএ অপরিবর্তিত রয়েছে।

অপরদিকে পুনঃমূল্যায়নের ফলে ১ হাজার ১৮৫ জন পরীক্ষার্থীর জিপিএ পরিবর্তন হয়েছে। এর মধ্যে ফেল থেকে পাস করেছে ১৯০ জন। এছাড়া পুনঃমূল্যায়নের পর নতুন করে ৮৩ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

বোর্ডের পরিসংখ্যানে আরও দেখা গেছে, নম্বর পরিবর্তন হলেও ১৫০ জন পরীক্ষার্থী ফলাফল ফেলই রয়েছে। অর্থাৎ তাদের নম্বর কিছুটা পরিবর্তিত হলেও পাসের ফলাফলে কোনো পরিবর্তন আসেনি।

এদিকে পুনঃমূল্যায়নের ফলে জিপিএ-৫ থেকে জিপিএ-৪-এর নিচে নেমে যাওয়া পরীক্ষার্থীর সংখ্যা ৬৪৭ জন এবং নম্বর পরিবর্তন হলেও জিপিএ-৫-এই রয়েছে ১১৫ জন।

আইএমই/ডিজে

ksrm