চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে ১ লাখ ৩০ হাজার ৬৬৮ শিক্ষার্থী। গত বছরের হিসেবে এবার পরীক্ষার্থী কমেছে ১০ হাজার ৫ জন। তবে পরীক্ষার্থীর সংখ্যা কমলেও বেড়েছে ৫৪টি অংশগ্রহণকারী বিদ্যালয়।
২০২৫ সালে যেখানে পরীক্ষার্থী ছিল ১ লাখ ৪০ হাজার ৬৭৩ জন, সেখানে ২০২৬ সালে তা নেমে এসেছে ১ লাখ ৩০ হাজার ৬৬৮ জনে। সেই হিসেবে এক বছরে কমেছে ১০ হাজার ৫ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র কমেছে ৫ হাজার ৩২৭ জন এবং ছাত্রী ৪ হাজার ৬৭৮ জন।
এ বছর পরীক্ষায় অংশ নিচ্ছে ৫৬ হাজার ৩২৫ জন ছাত্র ও ৭৪ হাজার ৩৪৩ জন ছাত্রী। গত বছর এই সংখ্যা ছিল যথাক্রমে ৬১ হাজার ৬৫২ ও ৭৯ হাজার ২১ জন।
আগামী ২১ এপ্রিল শুরু হতে যাওয়া এই পরীক্ষায় অংশ নেবে চট্টগ্রাম, কক্সবাজার ও তিন পার্বত্য জেলার ১ হাজার ২১৮টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা। যা গত বছরের তুলনায় ৫৪টি বেশি। তবে পরীক্ষাকেন্দ্রের সংখ্যা কমে দাঁড়িয়েছে ২১৮টিতে, যা গত বছর ছিল ২১৯টি।
জেলাভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, ৬ হাজার ৭৯৯ জন পরীক্ষার্থী কমেছে চট্টগ্রাম জেলায়।
চট্টগ্রাম জেলায় এবার পরীক্ষার্থী ৯২ হাজার ২৯৬ জন। এছাড়া কক্সবাজারে ১৮ হাজার ৯১৪, রাঙামাটিতে ৭ হাজার ৪১৬, খাগড়াছড়িতে ৮ হাজার ৬৯ এবং বান্দরবানে ৩ হাজার ৯৭৩ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. পারভেজ সাজ্জাদ চৌধুরী জানান, পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ৭৬টি ভিজিল্যান্স টিম গঠন করা হয়েছে। এর মধ্যে ৬৬টি সাধারণ এবং ১০টি বিশেষ টিম রয়েছে। দুর্গম কেন্দ্রগুলোতে বিশেষ নজরদারি করা হচ্ছে বলেও তিনি জানান।
এএইচ/ডিজে




