চট্টগ্রামের সাংবাদিক সমাজে নেমে এসেছে শোকের ছায়া। চিত্র সাংবাদিকতায় ‘আর্কাইভ’ খ্যাত সিনিয়র সাংবাদিক শিশির বড়ুয়া এবং দৈনিক পূর্বকোণের সিনিয়র সম্পাদনা সহকারী প্রভাত বড়ুয়ার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)।
বৃহস্পতিবার (৪ জুন) দিবাগত রাত ১২টা ১০ মিনিটে চট্টগ্রামের পটিয়ায় নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন শিশির বড়ুয়া। অন্যদিকে শুক্রবার (৫ জুন) ভোর ৫টা ৩০ মিনিটে নগরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রভাত বড়ুয়া।
দুই সাংবাদিকের মৃত্যুতে দেওয়া এক বিবৃতিতে সিইউজের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক সবুর শুভ বলেন, চিত্র সাংবাদিকতায় বিশেষ করে ১৯৯১ সালে চট্টগ্রামে সংঘটিত ভয়াবহ ঘূর্ণিঝড়ে হতাহত মানুষ ও ধ্বংসযজ্ঞের ছবি ধারণ করে শিশির বড়ুয়া অসাধারণ পেশাগত দক্ষতার স্বাক্ষর রেখেছিলেন। সাংবাদিকদের অধিকার আদায়ের আন্দোলন-সংগ্রামেও তিনি সিইউজের সঙ্গে থেকে সক্রিয় ভূমিকা পালন করেছেন। দীর্ঘদিন ধরে তিনি চট্টগ্রামের বিভিন্ন জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে সুনামের সঙ্গে সাংবাদিকতা করেছেন।
বিবৃতিতে আরও বলা হয়, দৈনিক পূর্বকোণের সিনিয়র সম্পাদনা সহকারী প্রভাত বড়ুয়াও দীর্ঘদিন ধরে সংবাদপত্র অঙ্গনে সুনামের সঙ্গে কাজ করেছেন। সাংবাদিকদের অধিকার আদায়ের আন্দোলনে তিনি ছিলেন সামনের সারির একজন সহযোদ্ধা।
সিইউজের নেতারা বলেন, দুই সিনিয়র সাংবাদিকের মৃত্যুতে সিইউজে পরিবার গভীরভাবে শোকাহত। তাঁদের মৃত্যুতে সংগঠনটি দুইজন পরীক্ষিত সহযোদ্ধাকে হারাল। একই সঙ্গে তাঁরা দুই সাংবাদিকের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনাও জানান।



