চট্টগ্রামে এইচএসসি পরীক্ষার প্রথম দিনেই ১৩৪০ জন অনুপস্থিত

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে ১ হাজার ৩৪০ পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। তবে ১১৪টি কেন্দ্রের কোথাও বহিষ্কারের ঘটনা ঘটেনি।

বৃহস্পতিবার (২ জুলাই) চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন পাঁচ জেলার শৃঙ্খল পরিবেশে বাংলা ১ম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক পারভেজ সাজ্জাদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে এবং কোনো পরীক্ষার্থী বা পরিদর্শককে বহিষ্কার করতে হয়নি।

বোর্ড সূত্রে জানা গেছে, মোট ৭২ হাজার ৫২৩ জন পরীক্ষার্থীর অংশ নেওয়ার কথা থাকলেও পরীক্ষায় অংশ নেয় ৭১ হাজার ১৮৩ জন। অনুপস্থিত ছিল ১ হাজার ৩৪০ জন, যা মোট পরীক্ষার্থীর প্রায় ১ দশমিক ৮১ শতাংশ।

জেলাভিত্তিক তথ্যে দেখা গেছে, চট্টগ্রামে ৪০ হাজার ১৭ জনের মধ্যে ৩৯ হাজার ৯৩২ জন পরীক্ষায় অংশ নেয়, অনুপস্থিত ছিল ৮৫ জন। কক্সবাজারে ৯ হাজার ৩৩৬ জনের মধ্যে অংশ নেয় ৯ হাজার ১২৭ জন, অনুপস্থিত ২০৯ জন।

রাঙামাটিতে ২ হাজার ৯৫৬ জনের মধ্যে অংশ নেয় ২ হাজার ৯০৮ জন, অনুপস্থিত ৪৮ জন। খাগড়াছড়িতে ৩ হাজার ৫৩৩ জনের মধ্যে অংশ নেয় ৩ হাজার ৪৬৬ জন, অনুপস্থিত ৬৭ জন। আর বান্দরবানে ২ হাজার ৬৩২ জনের মধ্যে পরীক্ষায় অংশ নেয় ২ হাজার ৫৫৭ জন, অনুপস্থিত ছিল ৭৫ জন।

২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এক লাখের বেশি পরীক্ষার্থীর মধ্যে ১ হাজার ২৩০ জন অনুপস্থিত ছিল। তুলনামূলকভাবে এবার পরীক্ষার্থীর সংখ্যা কমলেও অনুপস্থিতির সংখ্যা কিছুটা বেড়েছে।

এএইচ/ডিজে

ksrm