চট্টগ্রামে এইচএসসির পুনঃনিরীক্ষণে পাস ৩৯৩, জিপিএ-৫ পেলো ৩২ জন

উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে আরও ৩৯৩ জন শিক্ষার্থী ফেল থেকে পাস করেছে। এছাড়া নতুন করে জিপিএ-৫ পেয়েছে ৩২ জন।

রোববার (১৬ নভেম্বর) চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক পারভেজ সাজ্জাদ চৌধুরী এ তথ্য জানান।

পারভেজন সাজ্জাদ চৌধুরী আরও জানান, খাতা পুনঃনিরীক্ষণের পর এক হাজার ২৩৬ জন পরীক্ষার্থীর গ্রেড পরিবর্তন হয়েছে। বিষয়ভিত্তিক গ্রেড পরিবর্তন হয়েছে ১০ জন পরীক্ষার্থীর।

শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, এ বছর ২৮ হাজার ৩৪১ জন পরীক্ষার্থী এক লাখ ১০ হাজার ২২৯টি উত্তরপত্র পুনঃমূল্যায়নের আবেদন করে। এর মধ্যে প্রথমবার প্রকাশিত ফলাফলে অকৃতকার্য ৩৯৩ জন পরীক্ষার্থী পাস করেছে। আর এক হাজার ২৩৬ শিক্ষার্থীর সিজিপিএ পরিবর্তন হয়েছে। গ্রেড পরিবর্তন হয়ে নতুন করে জিপিএ-৫ পেয়েছে ৩২ জন পরীক্ষার্থী।

চলতি বছরের ১৬ অক্টোবর সারাদেশে একযোগে উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশিত হয়। চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাসের হার ছিল ৫২ দশমিক ৫৭ শতাংশ। জিপিএ-৫ পায় ৬ হাজার ৯৭ জন। এখন সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ১২৯ জন।

ডিজে

ksrm