চট্টগ্রাম শিক্ষাবোর্ডে এইচএসসির ইংরেজি প্রথম পত্র পরীক্ষা দেয়নি ২ হাজার ১১২ জন পরীক্ষার্থী। এছাড়া অসদুপায় অবলম্বন করায় তিন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
সোমবার (৬ জুলাই) চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
বহিষ্কৃত পরীক্ষার্থীদের মধ্যে চট্টগ্রাম নগরীর সরাইপাড়া সিটি কর্পোরেশন কলেজের শিক্ষার্থী, যার কেন্দ্র ছিল ওমর গনি এমইএস কলেজ, পাহাড়তলী কলেজের শিক্ষার্থী, যার কেন্দ্রও ছিল ওমর গনি এমইএস কলেজ এবং কক্সবাজার জেলার কুতুবদিয়া মডেল স্কুল অ্যান্ড কলেজের এক শিক্ষার্থী, যার কেন্দ্র ছিল কুতুবদিয়া।
প্রতিবেদনে বলা হয়, বোর্ডের অধীন পাঁচ জেলায় মোট ১১৪টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
এর মধ্যে শুধুমাত্র চট্টগ্রাম জেলায় ৬৮টি কেন্দ্রে ৬৫ হাজার ১৫৫ জন পরীক্ষার্থীর মধ্যে ১ হাজার ৩৩৪ জন অনুপস্থিত ছিলেন।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মো. পারভেজ সাজ্জাদ চৌধুরী জানান, বোর্ডের অধিভুক্ত পাঁচ জেলার সব পরীক্ষাকেন্দ্রে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। অসদুপায় অবলম্বন করায় দুটি জেলায় তিনজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
আইএমই/ডিজে




