চট্টগ্রামে প্রতিদিনই বাড়ছে হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া শিশুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় আরও দুই শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। আক্রান্ত দুই শিশুই নগরীর বাসিন্দা। এ নিয়ে মোট আক্রান্ত দাঁড়িয়েছে ৩৭ জনে।
সোমবার (১৩ এপ্রিল) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে পাঠানো এক প্রতিবেদনে এসব তথ্য নিশ্চিত করা হয়। আক্রান্তদের মধ্যে নগরীর ২৬ জন এবং উপজেলার ১১ জন শিশু রয়েছে।
হামের উপসর্গ নিয়ে নতুন করে ২৮ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। যারা সবাই নগরীর বাসিন্দা।
এর মধ্যে নতুন করে ৪৫ জনের নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছে ঢাকার ন্যাশনাল পোলিও অ্যান্ড মিজেলস ল্যাবরেটরিতে। এ নিয়ে চট্টগ্রাম থেকে মোট ৩৭৩ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে, যার মধ্যে ২৫৮ জন নগরীর এবং ১১৫ জন উপজেলার বাসিন্দা।
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম জানান, বর্তমানে বিভিন্ন হাসপাতালে ৮৪ জন শিশু হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছে।
এএইচ/ডিজে




