চট্টগ্রামে অস্ত্র ও গুলি উদ্ধার মামলায় যুবকের ৭ বছরের সাজা

চট্টগ্রাম নগরীর কোতোয়ালীর সিআরবি এলাকার উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সামনের রাস্তায় বন্দুক ও গুলিসহ গ্রেপ্তারের মামলায় এক যুবকের সাত বছরের কারাদণ্ড হয়েছে।

কারাদণ্ডপ্রাপ্ত যুবকের নাম মো. আলমগীর (৩২)। তিনি বোয়ালখালী উপজেলার খরনদ্বীপ এলাকার মৃত নবী আহম্মেদের ছেলে।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) চট্টগ্রাম মহানগর প্রথম অতিরিক্ত দায়রা জজ মোহাম্মদ কামাল হোসেন শিকদারের আদালত এই রায় দেন।

অতিরিক্ত মহানগর পিপি অ্যাডভোকেট কানু রাম শর্মা বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘অস্ত্র মামলায় পাঁচজন সাক্ষীর সাক্ষ্য প্রমাণে অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামি মো. আলমগীরকে সাত বছর কারাদণ্ডের পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া জরিমানা অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।’

আদালত সূত্রে জানা গেছে, ২০১০ সালের ২১ নভেম্বর সিআরবি এলাকার উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সামনের রাস্তায় একটি বন্দুক ও গুলিসহ আলমগীরকে গ্রেপ্তার করে পুলিশ। এই ঘটনায় তৎকালীন থানার এসআই সদীপ কুমার বিশ্বাস বাদি হয়ে মামলা করেন। মামলার তদন্ত শেষে ২০১১ সালে ২৬ জানুয়ারি আদালতে অভিযোগ পত্র দেন।

২০১২ সালের ১১ জানুয়ারি আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেওয়া হয়। সাক্ষ্য প্রমাণ শেষে বৃহস্পতিবার আদালত এই রায় প্রদান করেন।

আসামি জামিনে গিয়ে পলাতক রয়েছে। তার বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করা হয়েছে।

আইএমই/ডিজে

ksrm