চট্টগ্রামের মহাসড়কে ছড়িয়ে পড়ল হাজার হাজার ইয়াবা, কুড়িয়ে নিলেন পথচারীরা
পুলিশের ভাষ্য, উদ্ধার হয়েছে ১০০টি
সীতাকুণ্ড উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে হঠাৎ করেই ছড়িয়ে-ছিটিয়ে পড়ে হাজার হাজার ইয়াবা ট্যাবলেট। স্থানীয় বাসিন্দা, পথচারী ও যানবাহনের চালকদের অনেককে সেগুলো কুড়িয়ে নিতে দেখা যায়। এ সময় বেশ কিছু ইয়াবা বিভিন্ন গাড়ির চাকার নিচে পিষ্ট হয়। শুক্রবার (২৪ জুলাই) দুপুর দেড়টার দিকে পৌরসভার নুনাছড়া এলাকার মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের দাবি, মহাসড়কের ওপর হাজার হাজার ইয়াবা ট্যাবলেট ছড়িয়ে থাকতে দেখা যায়। তাঁদের কয়েকজন মিলে এক হাজারের বেশি ইয়াবা কুড়িয়ে পুলিশের কাছে হস্তান্তর করেছেন। তবে পুলিশ বলছে, তারা ১০০ থেকে ১৫০টি ইয়াবা ট্যাবলেট এবং প্রায় ১০০ গ্রাম গুঁড়া উদ্ধার করেছে।
স্থানীয় বাসিন্দা মোহাম্মদ জনি বলেন, দুপুর দেড়টার দিকে তিনি মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে হাজার হাজার ইয়াবা ট্যাবলেট ছড়িয়ে থাকতে দেখেন। ইয়াবার পাশেই দুটি মোটরসাইকেলের দুই আরোহীর মধ্যে ঝগড়া চলছিল। এ সময় স্থানীয় লোকজন তাঁদের ধাওয়া দিলে তারা পালিয়ে যায়। পরে তিনি ও অন্যরা নীল প্লাস্টিকে মোড়ানো ১০ থেকে ১২টি প্যাকেট এবং শতাধিক ইয়াবা ট্যাবলেট কুড়িয়ে পুলিশের কাছে বুঝিয়ে দেন।
নাম প্রকাশে অনিচ্ছুক আরেক প্রত্যক্ষদর্শী বলেন, তিনি নিজেই ২০০ থেকে ৩০০টি ইয়াবা কুড়িয়ে দিয়েছেন। তাঁর দাবি, মোহাম্মদ জনিও অনেকগুলো প্যাকেট ও ইয়াবা কুড়িয়ে পুলিশের কাছে দিয়েছেন। তবে জনি কতগুলো ইয়াবা জমা দিয়েছেন, তা জানতে চাইলে পুলিশ তাঁকে বলেন, ‘আপনার কেন এত মাথাব্যথা। আপনি কেন এত তদন্ত করছেন।’ তিনি আরও বলেন, ঘটনাস্থল থেকে কিছুটা দূরে পুলিশ জনির কাছ থেকে ইয়াবাগুলো গ্রহণ করে।
ঘটনাস্থলে যাওয়া পুলিশের উপপরিদর্শক (এসআই) অনিক বলেন, তারা ১০০ থেকে ১৫০টি ইয়াবা ট্যাবলেট এবং প্রায় ১০০ গ্রাম গুঁড়া উদ্ধার করেছেন।
এ বিষয়ে জানতে সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) মুঠোফোনে কয়েকবার কল করা হলেও তিনি সাড়া দেননি।
সীতাকুণ্ড থানার ওসি (তদন্ত) মোহাম্মদ আলমগীর বলেন, তিনি শহরে রয়েছেন। ঘটনাস্থলে এসআই অনিক গিয়েছিলেন। তাঁর কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী ধারণা করা হচ্ছে, কোনো মাদক নিয়ন্ত্রণ সংস্থা মাদক কারবারিদের ধাওয়া দিলে তারা মাদক ফেলে পালিয়ে যায়। তিনি বলেন, ঘটনাস্থল থেকে ১০০ থেকে ১৫০টি ইয়াবা ট্যাবলেট ও প্রায় ১০০ গ্রাম গুঁড়া উদ্ধার করা হয়েছে। থানায় গেলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।




