চট্টগ্রামের ভোটকেন্দ্রগুলোতে নারী ভোটারদের ভিড় ছিল চোখে পড়ার মতো। সংসারের কাজ সামলে কেন্দ্রে গিয়ে ভোট দিয়েছেন তারা।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১০টার পর থেকেই নারীরা ভোটকেন্দ্রে চলে আসতে শুরু করেন। চট্টগ্রাম নগরী ও উপজেলার কয়েকটি কেন্দ্রে দেখা গেছে এমন চিত্র।
চট্টগ্রাম-১০ আসনের আব্দুল হাকিম মিয়া উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে বেলা বাড়ার সাথে সাথে নারী ভোটারদের উপস্থিতি চোখে পড়েছে। ভোট দিতে আসা রিয়া ও তাদের মা রেহেনা আক্তার বলেন, সুষ্ঠুভাবে ভোট দিতে পেরেছেন। এত সুন্দর পরিবেশে আগে কখনো ভোট দিতে পারিনি। পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরেছি, এতেই খুশি।
নগরীর ভোট কেন্দ্রগুলোতে ভোটগ্রহণ শুরুর আগেই ভোটাররা সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে দেখা গেছে। কেন্দ্রের ভেতরে নির্বাচনী কর্মকর্তারা ব্যালট বাক্স সিলগালা, প্রয়োজনীয় কাগজপত্র যাচাইসহ আনুষ্ঠানিকতা সম্পন্ন করে জাতীয় পরিচয়পত্র দেখে ভোটারদের কেন্দ্রে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে।
ভোট দিতে আসা নারীরা জানান, দীর্ঘ সময় পর ভোটাধিকার প্রয়োগ করতে পেরে তারা আনন্দিত। গত ১৭ বছর তারা সুষ্ঠুভাবে ভোট দিতে পারেননি।
চট্টগ্রাম-১০ আসনের আমবাগান ভোটকেন্দ্রের ভোটার হাসনা হেনা বলেন, নিজের ভোট নিজে দিতে পেরে খুব খুশি। শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পারছি, এটিই ভালো লাগছে।
নগরীর পতেঙ্গা পূর্ব কাঠগড় এলাকায় হোসেন সুবেদার ইবতেদিয়া মাদ্রাসায় সকাল থেকেই ছিল নারীদের উপচে পড়া ভীড়। শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পেরে তারা খুশি। এদেরই একজন সম্বুল আরা। তিনি বলেন, আমার ভোট আমি দিয়েছি। কাউকে জবাবদিহি করতে হইনি। খুব সুন্দরভাবে ভোট দিয়েছি বলেই হেসে উঠলেন সম্বুল আরা।
ত্রয়োদশ সংসদ নির্বাচনে চট্টগ্রামের ১৬ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১১৫ জন প্রার্থী। এর মধ্যে নারী প্রার্থী আছেন মাত্র চার জন। এখানকার মোট ভোটারের ৪৭ শতাংশের বেশি নারী। এ চার নারী লড়ছেন পৃথক তিনটি আসন থেকে।
জানা গেছে, চট্টগ্রাম জেলার ১৬টি সংসদীয় আসনে মোট ভোটার ৬৬ লাখ ৮৪ হাজার ৬৩০ জন। এর মধ্যে পুরুষ ৩৪ লাখ ৮৪ হাজার ৮৩৯ জন এবং নারী ভোটার ৩১ লাখ ৯৯ হাজার ৭২২ জন। নারী ভোটার মোট ভোটারের প্রায় ৪৭.৯ শতাংশ।
নগরীর পতেঙ্গা উচ্চ বিদ্যালয়ের ভোট কেন্দ্রে ভোটারদের ব্যাপক উপস্থিতি দেখা গেছে। জেলেপাড়ার নারী ও পুরুষরা স্বতঃস্ফূর্ত উপস্থিতি দেখা গেছে।
এদিকে বৃহস্পতিবার সকাল থেকে উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। আকুবদন্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয়, ওয়ারেছ মেহেছনা উচ্চ বিদ্যালয়, মীরপাড়া হাজি হামিদুল হক সরকারি প্রাথমিক বিদ্যালয়, খরনদ্বীপ ইমদাদুল উলুম মাদ্রাসা ও হাওলা কুতুবিয়া মাদ্রাসা কেন্দ্র ঘুরে দেখা গেছে, সকাল বাড়ার সঙ্গে সঙ্গে নারী-পুরুষ ভোটারদের দীর্ঘ লাইন। উৎসবমুখর পরিবেশে নির্বিঘ্নে ভোট দিতে পেরে সন্তোষ প্রকাশ করেন ভোটাররা।
এছাড়া লোহাগাড়ার প্রতিটি ভোট কেন্দ্রে নারীদের উপস্থিত বেশি ছিল। তারা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট প্রদান করেন।
আইএমই/ডিজে




