চট্টগ্রামে বিভিন্ন আসনে বিএনপি ও জামায়াতসহ বিভিন্ন দলীয় প্রার্থীরা ভোট দিয়েছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল থেকেই কেন্দ্রে ভোটার উপস্থিতি ও কঠোর নিরাপত্তার মধ্যে ভোটগ্রহণ চলছে।
চট্টগ্রাম-১১ আসনে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ভোট প্রদান শেষে বলেন, এই ভোট বিশেষ। কারণ গত ১৭–১৮ বছর দেশের মানুষ ভোট দিতে পারেনি। এই ভোটের পেছনে বহু মানুষের ত্যাগ রয়েছে কেউ জীবন দিয়েছেন, কেউ গুম বা খুন হয়েছেন। তিনি দুপুর পৌনে ১২টায় উত্তর কাট্টলী মুন্সিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দেন।

চট্টগ্রাম-৯ আসনের জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী ডা. এ কে এম ফজলুল হক সকাল ৭টা ৪০ মিনিটে নিজের ভোট দেন নগরের ডা. খাস্তগীর সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে। তিনি ভোট দিয়ে বললেন, মানুষ দীর্ঘদিন ভোট দিতে পারেনি। পতিত আওয়ামী লীগ মানুষের ভোটাধিকার হরণ করেছে। আমরা চাই মানুষ তার পছন্দের প্রার্থীকে ভোট দিক। এখন পর্যন্ত পরিবেশ ভালো। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিও ভালো লক্ষ্য করা গেছে।

চট্টগ্রামের অন্য প্রান্তে, সীতাকুণ্ড-৪ আসনের মাদরাসা-এ মুহাম্মদিয়া আহমদিয়া সুন্নিয়া কেন্দ্রে সকাল সাড়ে আটটায় ভোট দেন বিএনপির প্রার্থী আসলাম চৌধুরী। একই সময়ে হাটহাজারী-বায়েজিদ অংশ চট্টগ্রাম-৫ আসনের বিএনপি প্রার্থী ব্যারিস্টার মীর হেলাল পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মীরেরখিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দেন।

চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী শাহজাহান চৌধুরী ভোটগ্রহণের শুরুতেই নিজের ভোটটি দিয়ে দেন। তিনি সকাল সাড়ে ৮টার দিকে সাতকানিয়া পৌরসভা ৪ নম্বর ওয়ার্ড ছমদর পাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে তিনি ভোট দেন।
এদিকে বিএনপি মনোনীত প্রার্থী নাজমুল মোস্তফা আমিন ভোট দিয়েছেন। সকাল ৯টার দিকে লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সুখছড়ি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে তিনি ভোট দেন।
চট্টগ্রাম-১৩ আনোয়ারা–কর্ণফুলী আসনে দক্ষিণ ইছাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দেন জামায়াতে ইসলামীর সমর্থিত প্রার্থী অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরী। চট্টগ্রাম-১০ আসনে বিএনপির প্রার্থী সাঈদ আল নোমান কাপাসগোলা বালিকা উচ্চ বিদ্যালয়ে নিজের ভোট দেন সকাল সাড়ে ৮টায়।
চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী গিয়াস উদ্দিন কাদের চৌধুরী সকাল সাড়ে ৭টা ৫৫ মিনিটে রাউজান গহিরা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রয়োগ করেন ।
রাঙ্গুনিয়া-৭ আসেনর দাঁড়িপাল্লা পদপ্রার্থী ডা রেজাউল করিম উত্তর রাঙ্গুনিয়া আলম শাহ পাড়া কামিল বিশ্ববিদ্যালয় মাদ্রাসায় নিজ এলাকায় সকাল ৯ টায় ভোট দেন।

ফটিকছড়ি-২ ইঞ্জিনিয়ার নুর আহমদ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়ে আবেগী কণ্ঠে কথা বলেন বিএনপির প্রার্থী সরওয়ার আলমগীর। তিনি জানান, ২০১৪ সালের পর আজ আবার ভোট দিলেন এটাই তার শেষ ভোট। একই আসনে জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ নুরুল আমিনও সকালে নিজ কেন্দ্রে ভোট দেন।

চট্টগ্রাম-১৪ আসনে চন্দনাইশে সকাল ৮টা ১৮ মিনিটে উত্তর গাছবাড়িয়া বশরত আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দেন বিএনপির প্রার্থী জসিম উদ্দীন আহমদ। একই কেন্দ্রে ভোট দেন এলডিপির প্রার্থী অধ্যাপক ওমর ফারুক।
কক্সবাজার-১ আসনে পেকুয়া উপজেলার সরকারি মডেল জিএমসি ইনস্টিটিউশন কেন্দ্রে ভোট দেন ধানের শীষের প্রার্থী সালাহউদ্দিন আহমদ।এসময় তার স্ত্রী সাবেক সংসদ সদস্য হাসিনা আহমদ ও পুত্র সাঈদ ইব্রাহিম আহমেদসহ পরিবারের বাকি সদস্যরাও কেন্দ্রে স্ব স্ব ভোট প্রদান করেন। ভোট দিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, আমি খুবই আনন্দিত। এই আনন্দ ভাষায় প্রকাশ করার না। সবাই উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছে। ভোটররা খুবই আনন্দিত। এটা কেমন জানি ঈদ ঈদ লাগছে। আমি আশা করছি ৭০ থেকে ৮০ শতাংশ ভোট কাস্ট হতে পারে।

তামিম ইকবালের প্রথম ভোট
বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল জীবনের প্রথম ভোট দেন চট্টগ্রাম-৯ আসনে। সকাল ১১টায় চট্টগ্রাম নগরের আসকার দীঘির পাড়ের আঞ্চলিক লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে তিনি ভোট দেন। তার নিরাপত্তায় ছিল সেনাবাহিনী।
তিনি বলেন, জীবনে প্রথম ভোট ভাই, এক্সাইটেড। অনেক ভালো লাগছে। ভোটের পরিবেশও ভালো ছিল। আমি পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছি।
এএইচ/ডিজে




