চট্টগ্রামে একদিনে তিন জায়গায় ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। মিছিলের একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এর মধ্যে ওমরগণি এমইএস কলেজ শাখার নেতাকর্মীদের মিছিলটির ভিডিও বেশি ভাইরাল হয়েছে।

সোমবার (১ জুন) নগরীর জিইসি, দেওয়ানহাট ও আনোয়ারা উপজেলার পিএবি সড়কের চাতরী-চৌমুহনী এলাকায় ছাত্রলীগের নেতাকর্মীদের ঝটিকা মিছিল করতে দেখা যায়।
জিইসি মোড় এলাকায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, নগরীর নাসিরাবাদ সরকারি উচ্চবিদ্যালয়ের অপর পাশ থেকে ছাত্রলীগের নেতাকর্মীরা জিইসি মোড়ের দিকে এগিয়ে যাচ্ছেন। এ সময় তারা ‘জয় বাংলা’, ‘শেখ হাসিনা আসবে’সহ বিভিন্ন স্লোগান দেন। এছাড়া তাদের হাতে থাকা ব্যানারে লেখা ছিল—এমইএস কলেজ ছাত্রলীগ।
প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিলে ছাত্রলীগের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। মিছিলটি দুই নম্বর গেটের আশপাশ থেকে শুরু হয়েছে বলেও জানান তারা।
এ বিষয়ে জানতে চাইলে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল ইসলাম জানান, আমরা ঘটনাস্থলে গিয়ে কাউকে পাইনি। তবে ঘটনার ভিডিওগুলো পর্যালোচনা করা হচ্ছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তার করা হবে।
এ ঘটনার পর পর নগরীর দেওয়ানহাট এলাকায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিলের ৪০ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায়, ব্যানার ছাড়া শতাধিক নেতাকর্মী স্লোগান দিচ্ছেন। তাদেরকে বলতে শোনা যায়, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’। এছাড়া ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ স্লোগানও দেয় তারা।
এদিকে সোমবার সকাল ৮টার দিকে আনোয়ারার পিএবি সড়কের চাতরী-চৌমুহনী এলাকায়ও মিছিল করেছে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। ওই মিছিলের ১ মিনিট ৩০ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানেও দেখা যায়, আওয়ামী লীগকে সমর্থন জানিয়ে মিছিল করতে।
পিএ




