চট্টগ্রামের জলাবদ্ধতা নিয়ে সাংবাদিকদের সিডিএ চেয়ারম্যানের বার্তা

জলাবদ্ধতামুক্ত, আধুনিক ও পরিকল্পিত চট্টগ্রাম গড়তে সাংবাদিকদের দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ ভূমিকার ওপর গুরুত্ব দিয়েছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন। নগর উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন, আবাসন সমস্যা সমাধান ও চলমান উন্নয়ন প্রকল্প সফল করতে সরকারি সংস্থার পাশাপাশি গণমাধ্যমেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে তিনি মন্তব্য করেন।

বৃহস্পতিবার (৬ আগস্ট) টিভি ক্যামেরা জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (টিসিজেএ) চট্টগ্রামের উদ্যোগে আয়োজিত সাংবাদিকতায় মাসব্যাপী ‘বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালার’ সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সিডিএ চেয়ারম্যান।

প্রকৌশলী বেলায়েত হোসেন বলেন, চট্টগ্রাম দেশের অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ নগরী। নগরের উন্নয়ন, যোগাযোগব্যবস্থার আধুনিকীকরণ এবং দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা সমাধানে সিডিএ বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছে। এসব প্রকল্পের সঠিক তথ্য জনগণের কাছে পৌঁছে দেওয়া এবং প্রকল্পের বাস্তব চিত্র তুলে ধরতে সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন।

তিনি বলেন, উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে সমালোচনা থাকতেই পারে। তবে সেই সমালোচনা হতে হবে তথ্যনির্ভর ও জনস্বার্থভিত্তিক। উন্নয়ন প্রকল্পের ভালো দিকের পাশাপাশি সমস্যা ও সীমাবদ্ধতাও বস্তুনিষ্ঠভাবে তুলে ধরা হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবে। এতে উন্নয়ন কার্যক্রম আরও স্বচ্ছ ও গতিশীল হবে।

সিডিএ চেয়ারম্যান বলেন, একজন সাংবাদিকের পেশাগত দক্ষতা বাড়াতে নিয়মিত প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের নিজেদের দক্ষতা বাড়াতে হবে। একই সঙ্গে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে সমাজ ও রাষ্ট্রের কল্যাণে ভূমিকা রাখতে হবে।

টিসিজেএ চট্টগ্রামের সভাপতি এনামুল হকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আশরাফুল আলম চৌধুরী মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন চট্টগ্রামে আমার দেশ পত্রিকার আবাসিক সম্পাদক জাহিদুল করিম কচি।

অনুষ্ঠানে বক্তব্য দেন টিসিজেএর সহ-সভাপতি সনজীব দে বাবু, সহ-সাধারণ সম্পাদক বাসু দেব, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, সাবেক সহ-সভাপতি আলী আকবর ও সদস্য সুমন গোস্বামী।

এ সময় টিসিজেএর দপ্তর সম্পাদক সাইমুন আল মুরাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. নাজিম উদ্দিন, নির্বাহী সদস্য রবিউল ইসলাম টিপু, মো. জহিরুল ইসলাম, নাজিম উদ্দনসহ সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষে সাংবাদিকতায় মাসব্যাপী ‘বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালায়’ সফলভাবে অংশ নেওয়া টেলিভিশন চিত্র সাংবাদিকদের মধ্যে সনদ বিতরণ করা হয়।

ksrm