চট্টগ্রামে টানা ছয়দিন ধরে হচ্ছে হালকা থেকে মাঝারি বৃষ্টি। তবে এবার নতুন সতর্কবার্তা দিলো আবহওয়া দপ্তর। ২৪ ঘণ্টার মধ্যেই কালবৈশাখী ধেয়ে আসার পূর্বাভাস দিয়েছে তারা। রাতের হতে পারে ভারী বর্ষণ।
রোববার (৩ মে) দুপুর ৩টা পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হয়েছে। সন্ধ্যা ৬টা পর্যন্ত ৩০ দশমিক ০৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস।
নগরের পতেঙ্গা আবহাওয়া অফিসের পূর্বাভাস কর্মকর্তা মো. ঈসমাইল হোসেন চট্টগ্রাম প্রতিদিনকে জানান, রবিবার দুপুর ৩টা পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হয়েছে। আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত ৩০ দশমিক ০৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
তিনি বলেন, আকাশজুড়ে বিস্তৃত ছিল কালবৈশাখীর মেঘ। তবে সব জায়গায় কালবৈশাখী ঝড় আঘাত হানেনি। যেসব এলাকায় আকাশে কালবৈশাখী মেঘ ঘন ও ছড়িয়ে ছিটিয়ে ছিল, সেখানে বেশি বৃষ্টিপাত হয়েছে। যেখানে ছিল না সেখানে হয়নি।
আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাস জানিয়ে এই কর্মকর্তা আরও বলেন, মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আকাশে প্রচুর কালবৈশাখী মেঘের ঘনঘটা দেখা যাচ্ছে। আর মেঘগুলো বায়ুমণ্ডলীর অনেক নিচে চলে আসছে। তাই ধারণা করা হচ্ছে, রাত থেকেই ঝড়ো বৃষ্টিপাত শুরু হতে পারে।
আইএমই/ডিজে




