জেদ্দা থেকে চট্টগ্রামগামী বিমানে অসুস্থ হয়ে পড়া এক নারী যাত্রীর মৃত্যু হয়েছে। পরে মাস্কাটে জরুরি অবতরণ করা হয়।
বুধবার (২৬ আগস্ট) বিমান বাংলাদেশ এয়ারলাইনসের BG136 ফ্লাইটে এ ঘটনা ঘটে।
জানা গেছে, জেদ্দা বিমানবন্দর থেকে চট্টগ্রামের উদ্দেশে উড্ডয়নের পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ছানোয়ারা বেগম নামে এক নারী যাত্রী। পরিস্থিতি বিবেচনায় ফ্লাইটটি মাস্কাট আন্তর্জাতিক বিমানবন্দরে ডাইভার্ট করা হয়। সেখানে অবতরণের পর চিকিৎসক তাকে পরীক্ষা করে মৃত ঘোষণা করেন।
মৃত নারীর মরদেহ বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে।
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল জানান, মাস্কাটে জরুরি অবতরণের পর ফ্লাইটটি আবার চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে গেছে। বুধবার বিকেলে ফ্লাইটটি শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।
এএইচ/ডিজে




