চকরিয়া প্রতিনিধি :
আলনার বক্সে ভরে অভিনব পন্থায় পাচারকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় একটি যাত্রীবাহি ছারপোকা গাড়িতে পুলিশ অভিযান চালিয়ে ৬৭৫০ পিস ইয়াবা বড়িসহ এক যুবককে আটক করেছে। ইয়াবা বড়ির আনুমানিক মূল্য ২০ লাখ ২৫ হাজার টাকা।
ইয়াবা বড়িসহ আটককৃত যুবক আব্দুল আলিম (২৮) । সে চকরিয়া পৌরসভার ৭নং ওয়ার্ডস্থ পালাকাটা এলাকার মৃত আবুল হাশেমের ছেলে। আজ বৃহস্পতিবার বেলা ১ টার দিকে চকরিয়ার একতা বাজার স্টেশনে ইয়াবা বড়িসহ আটকের এ ঘটনা ঘটে। 
হারবাং পুলিশ ফাঁড়ির আইসি মো.আলমগীর (এসআই) জানান, গোপন সুত্রে সংবাদ পাই চকরিয়ার মালুমঘাট থেকে যাত্রীবাহি ছাড়পোকা গাড়িতে করে ইয়াবার চালান নিয়ে লোহাগাড়ার আমিরাবাদ যাচ্ছে আব্দুল আলিম নামের এক যুবক। পরে হারবাং পুলিশ ফাঁড়ির একদল পুলিশ একতা বাজারে ছারপোকা গাড়ির ছাঁদে আলনাসহ আব্দুল আলিমকে পেয়ে থানায় নিয়ে আসি।
আনলার বক্স ভেঙ্গে তিনটি আচারের ন্যায় পেকেট পাই। ওই পেকেট খুলে ৬টি ১ হাজার পিচের ও অপর একটি ৭৫০ পিচের ইয়াবা বড়ির বান্ডিল পাওয়া যায়। তবে, গণনার সময় দেখা গেছে ৪০ থেকে ৫০টি ইয়াবা বড়ি ভাঙ্গা অথবা গুড়া রয়েছে।
তিনি আরো জানান, আটককৃত আব্দুল আলিমের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
রিপোর্ট : মুকুল কান্তি দাশ,চকরিয়া প্রতিনিধি
এ এস / জি এম এম / আর এস পি / এম কে দাশ :::




