কক্সবাজারের চকরিয়ায় প্রসূতির মৃত্যুর একদিন পরই চিকিৎসায় অবহেলা ও অনিয়মের অভিযোগের শেভরণ হাসপাতালকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার (২৯ আগস্ট) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শফিউল আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে হাসপাতালের লাইসেন্স, চিকিৎসক-নার্সের পর্যাপ্ততা, পরিচালনার অনুমোদনসহ বিভিন্ন নথি ও ব্যবস্থাপনা পরিদর্শন করা হয়। এ সময় অনিয়মের অভিযোগে হাসপাতাল কর্তৃপক্ষকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।
এর আগে শুক্রবার (২৮ আগস্ট) ওই হাসপাতালে সিজারিয়ান অপারেশনের পর জান্নাতুল মাওয়া (২২) নামে এক প্রসূতির মৃত্যু হয়। এ ঘটনায় চিকিৎসায় অবহেলা ও বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে হাসপাতাল প্রাঙ্গণে বিক্ষোভ করেন তার স্বজনরা।
নিহতের স্বজনদের অভিযোগ, প্রসূতির মৃত্যুর পর নানা অভিযোগ উঠলেও তাদের বিরুদ্ধে এখনো দৃশ্যমান কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
প্রসূতির মৃত্যুর প্রকৃত কারণ এবং চিকিৎসায় কোনো ধরনের গাফিলতি ছিল কি-না, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রয়োজন বলে জানিয়েছে তারা।
চকরিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) ডা. জয়নুল আবেদীন বলেন, রোগী মৃত্যুর বিষয়ে অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অভিযান ও জরিমানার বিষয়টি নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শফিউল আলম বলেন, অনিয়মের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এএইচ




