কক্সবাজারের চকরিয়ায় নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বৈদ্যুতিক লাইনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে খুটাখালী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
খুটাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা আবদুর রহমান দুই শ্রমিক মৃত্যুর খবর নিশ্চিত করেন।
নিহতরা হলেন—উপজেলার খুটাখালী ইউনিয়নের গর্জনতলী এলাকার বাসিন্দা আবু তাহেরের ছেলে লাল মুহিত উদ্দিন সাগর (৩৫) ও একই এলাকার মোহাম্মদ জোহরের ছেলে মোহাম্মদ উসমান (২০)।
প্রত্যক্ষদর্শীরা জানান, খুটখালী বাজারে উচ্চ ভোল্টেজের বৈদ্যুতিক লাইন সংলগ্ন একটি নির্মাণাধীন তিনতলা ভবনের কাজ চলছিল সাগর ও উসমান। ওই ভবনে দেয়ালের কাজ করছিলেন তিনজন নির্মাণ শ্রমিক। একপর্যায়ে ওই বৈদ্যুতিক লাইনে প্রথমে লাল মুহিত উদ্দিন সাগর বিদ্যুৎস্পৃষ্ট হন। এসময় ঝাঁকুনিতে অপর শ্রমিক মোহাম্মদ ওসমান নিচে পড়ে যান। উপস্থিত লোকজন তাৎক্ষণিক আহত দু’জনকে উদ্ধার করে মালুমঘাট মেমোরিয়াল খ্রিস্টান হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মনির হোসেন জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিক মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। মরদেহ নিজ নিজ বাড়িতে নিয়ে গেছেন।
তিনি আরও বলেন, তারপরও ভুক্তভোগী দুই পরিবারের পক্ষ থেকে এজাহার দিলে ঘটনার তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ডিজে




