চকরিয়ায় বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ ২ জনের মৃত্যু

কক্সবাজারের চকরিয়ায় যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে এক নারী ও এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় একই পরিবারের আরও দুজনসহ চারজন গুরুতর আহত হয়েছেন।

বুধবার (২৮ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বানিয়ারছড়া স্টেশনের অদূরে আমতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—চাঁদপুরের হাইমচর উপজেলার গাজীনগর এলাকার আমিনুল হকের স্ত্রী ইছমত আরা (৫৫) এবং বরিশালের সুমন মিয়ার মেয়ে মাইশা (১০)। তারা পরিবারের সঙ্গে চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানার রমনা আবাসিক এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে একটি যাত্রীবাহী বাস চট্টগ্রাম থেকে কক্সবাজারের দিকে যাচ্ছিল। পথে চকরিয়ার বানিয়ারছড়া স্টেশনের অদূরে আমতলী এলাকায় বাসটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা কক্সবাজারগামী একটি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কারটি দুমড়েমুচড়ে সড়কের পাশে উল্টে পড়ে।

দুর্ঘটনায় প্রাইভেটকারের যাত্রী আশিকুর রহমান (২৭), মাইশা, ইছমত আরা ও তার ছেলে সম্রাট (৩০) গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক ইছমত আরা ও মাইশাকে মৃত ঘোষণা করেন।

চকরিয়া উপজেলার চিরিঙ্গা হাইওয়ে থানার দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ সার্জেন্ট মো. জাকিবুল ইসলাম জানান, নিহত দুজনের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পরিবারের সদস্যরা পৌঁছালে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে। দুর্ঘটনাকবলিত বাস ও প্রাইভেটকার জব্দ করে হাইওয়ে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এএইচ

ksrm