মেয়ের শ্বশুরবাড়িতে যাওয়ার পথে রেললাইন দিয়ে হাঁটছিলেন বৃদ্ধ রশিদ আহমদ। শ্রবণপ্রতিবন্ধী হওয়ায় ট্রেনের হুইসেল শুনতে পাননি তিনি। এর মধ্যেই ঢাকাগামী ‘মহানগর এক্সপ্রেস’ ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সোমবার (২ নভেম্বর) সকাল ৯টায় উপজেলার বরইতলী ইউনিয়নের মহছনিয়াকাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রশিদ আহমদ (৬৫) বরইতলী ইউনিয়নের পহরচাঁদা এলাকার বাসিন্দা।
স্থানীয়রা জানান, সোমবার সকালে পাশের এলাকায় মেয়ের শ্বশুরবাড়িতে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন রশিদ আহমদ। পরে কক্সবাজার-চট্টগ্রাম রেললাইন দিয়ে হেঁটে গন্তব্যে যাচ্ছিলেন তিনি। শ্রবণপ্রতিবন্ধী হওয়ায় ট্রেনের হুইসেল এবং উপস্থিতি টের না পাওয়ায় মহছনিয়াকাটা এলাকায় ঢাকাগামী মহানগর এক্সপ্রেসের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা তার খণ্ডিত মরদেহ উদ্ধার করেন।
বরইতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছালেকুজ্জামান বলেন, ঢাকাগামী মহানগর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে রশিদ আহমদ নিহত হয়েছেন। তিনি তার এলাকার বাসিন্দা। মরদেহ উদ্ধার করা হয়েছে এবং বিষয়টি রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এএইচ




