চকরিয়ায় অন্তঃসত্ত্বা নারীর পেটে বন্দুক ঠেকিয়ে স্বর্ণ ও টাকা লুট

কক্সবাজারের চকরিয়ায় আইনজীবী সমিতির সভাপতির বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দল তার বাড়ির জানালার গ্রিল কেটে ঘরে ঢুকে অন্তঃসত্ত্বা পুত্রবধূর পেটে অস্ত্র ঠেকিয়ে স্বর্ণ ও টাকা লুট করেছে।

বুধবার (৩ জুন) ভোর চারটার দিকে পৌরসভার ভরামুহুরী উকিলপাড়ায় চকরিয়া আইনজীবী সমিতির সভাপতি হাবিব উদ্দিন মিন্টুর বাড়িতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে চকরিয়া থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, চকরিয়া পৌরসভার ভরামুহুরী উকিলপাড়ায় নিজ বাড়িতে পরিবার নিয়ে থাকেন আইনজীবী হাবিব উদ্দিন মিন্টু। ডাকাতির দিন তিনি পৌরসভার বাটাখালীর তার নবনির্মিত বসতবাড়িতে স্ত্রীসহ অবস্থান করছিলেন। তার দুই সন্তান ব্যবসায়িক কাজে বাড়ির বাইরে ছিলেন। সে সুবাদে ৬ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল জানালার গ্রিল কেটে দেশীয় অস্ত্র নিয়ে বাড়ির ভেতরে ঢুকে পড়ে। এরপর বাড়িতে থাকা অন্তঃসত্ত্বা গৃহবধূ, তার সন্তান ও গৃহকর্মীকে অস্ত্রের মুখে জিম্মি করে আলমারি ভেঙে ৪ ভরি স্বর্ণালঙ্কার, ২ লাখ নগদ টাকা, ৩টি মোবাইল ফোন লুট করে নিয়ে যায়।

আইনজীবী হাবিব উদ্দিন মিন্টু বলেন, আমি চকরিয়া পৌরসভার বাটাখালীর নবনির্মিত বসতবাড়িতে স্ত্রীসহ অবস্থান করছিলাম। আমর দুই পুত্রসন্তানও বাড়ির বাইরে ছিল। বাড়িতে পুরুষ সদস্য না থাকায় ডাকাত দল আমার বাড়িতে হানা দিয়ে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নিয়ে যায়।

চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) অভিজিৎ দাশ বলেন, ঘটনার খবর পেয়ে থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে। ডাকাতদের শনাক্ত পূর্বক দ্রুত গ্রেপ্তার করার আশ্বাস দেন। এবং আইনগত কার্যক্রম চলমান রয়েছে বলে জানান।

ডিজে

ksrm