চকবাজারে সক্রিয় জাল নোট চক্র, ২ যুবক আটক

চট্টগ্রাম নগরীর চকবাজার এলাকায় ১৩ হাজার ৫০০ টাকার জাল নোটসহ চক্রের ২ সদস্যকে আটক করেছে পুলিশ।

শনিবার (২৯ আগস্ট) রাত ১০টা ১৫ মিনিটে নগরীর কেয়ারি ইলিসিয়াম মার্কেটের সামনে থেকে একজনকে এবং তার দেওয়া তথ্যে গুলজার মোড়ের দক্ষিণ পাশে বেক অ্যান্ড ফাস্ট দোকানের সামনে থেকে অপরজনকে আটক করা হয়। এসময় তাদের দুজনের কাছ থেকে ১৩ হাজার ৫০০ টাকার জাল নোট, ২ হাজার ৩০০ টাকার আসল নোট এবং দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।

রোববার বিষয়টি নিশ্চিত করেন চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূর হোসেন মামুন।

আটক দুইজন হলেন—ফটিকছড়ি উপজেলার দক্ষিণকুল এলাকার শাহ আলমের ছেলে পারভেজ (২৯) এবং আনোয়ারা উপজেলার বরুমছড়া ইউনিয়নের খুরুস্কুল এলাকার মৃত সিরাজ মিয়ার ছেলে আলমগীর হোসেন (৩১)।

পুলিশ জানায়, কেয়ারী ইলিশিয়াম মার্কেটের সামনে এক যুবককে জাল টাকাসহ আটক করে স্থানীয় জনতা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় চকবাজার থানা পুলিশের একটি দল। এসময় আটক মো. পারভেজকে তল্লাশি করলে তার প্যান্টের পকেট থেকে ১ হাজার ১১টি জাল নোট এবং একটি নোকিয়া বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে পারভেজ জানান, সে এবং তার সহযোগী মো. আলমগীর হোসেন জাল টাকা বেচাকেনার উদ্দেশ্যে অবস্থান করছিল। পরে তার দেওয়া তথ্যে গুলজার মোড়ের বেক অ্যান্ড ফাস্ট দোকানের সামনে থেকে মো. আলমগীর হোসেনকে আটক করা হয়। এসময় তাকে তল্লাশি করলে প্যান্টের পকেটে থাকা ৫০০ টাকার ৫টি জাল নোট ও ১০০ টাকার ২৩টি আসল নোটসহ ২ হাজার ৩০০ এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

এ বিষয়ে চকবাজার থানার ওসি মো. নূর হোসেন মামুন জানান, আটক দুইজন জাল নোট চক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে এ কাজে যুক্ত। খবর পেয়ে তাদের জালনোটসহ হাতেনাতে আটক করা হয়।

ডিজে

ksrm