ঘুষের ২ লাখ টাকাসহ গ্রেপ্তার সেই সাব-রেজিস্ট্রারের জামিন নামঞ্জুর

ঘুষের দুই লাখ টাকাসহ গ্রেপ্তার পাহাড়তলী সাব-রেজিস্ট্রি কার্যালয়ের সাব-রেজিস্ট্রার আবদুস সোবহানের জামিন আবেদন নাকচ করেছেন আদালত। একইসঙ্গে তাকে কারা ফটকে একদিন জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) চট্টগ্রাম মহানগর দায়রা জজ হাসানুল ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি অনুষ্ঠিত হয়।

দুদকের সরকারি কৌঁসুলি (পিপি) রেজাউল করিম জানান, সাব-রেজিস্ট্রার আবদুস সোবহানকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করেছিল দুদক। শুনানি শেষে আদালত তাকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের ফটকে একদিন জিজ্ঞাসাবাদের অনুমতি দেন। একইসঙ্গে তার জামিন আবেদনও নাকচ করা হয়।

মামলা সূত্রে জানা গেছে, গত ২২ সেপ্টেম্বর আইনজীবী তারেকুল আলমের অভিযোগের ভিত্তিতে পাহাড়তলী সাব-রেজিস্ট্রারের কার্যালয়ে অভিযান চালায় দুদক।

অভিযোগে বলা হয়, ওই আইনজীবী তার মক্কেলের দুটি অংশীদারি চুক্তিপত্র নিবন্ধনের জন্য নগরের আদালত ভবনে অবস্থিত পাহাড়তলী সাব-রেজিস্ট্রি কার্যালয়ে যান। দলিল দুটিতে কোনো ত্রুটি না থাকলেও নিবন্ধন আটকে রাখা হয়। পরে নিবন্ধনের জন্য দুই লাখ টাকা ঘুষ অথবা দুটি এসি দাবি করা হয়।

পরে আইনজীবী দুদকের হটলাইন ১০৬ নম্বরে অভিযোগ করেন। অভিযোগের পর অভিযান চালিয়ে ঘুষের দুই লাখ টাকাসহ সাব-রেজিস্ট্রার আবদুস সোবহান, হেড ক্লার্ক ফারুক ইসলাম ও উমেদার রূপণ দাশকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে মামলা করে দুদক।

গত বৃহস্পতিবার ফারুক ইসলাম ও রূপণ দাশকে আদালতে হাজির করা হলে তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। জবানবন্দিতে তারা সাব-রেজিস্ট্রারের নির্দেশেই ঘুষ নেওয়ার কথা উল্লেখ করেন।

এ মামলায় সাব-রেজিস্ট্রার আবদুস সোবহান বর্তমানে কারাগারে রয়েছেন।

এএইচ/ডিজে

ksrm