মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে হঠাৎ নেমে আসা স্বল্প সময়ের মুষলধারে বৃষ্টিতেই চট্টগ্রাম নগরীতে আবারও দেখা দিল ভয়াবহ জলাবদ্ধতা। মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে প্রবর্তক মোড়, মুরাদপুর, কাতালগঞ্জসহ বিভিন্ন নিচু এলাকা পানিতে তলিয়ে গিয়ে সৃষ্টি হয় ‘কৃত্রিম বন্যা’র মতো পরিস্থিতি। মূল সড়কেই হাঁটু সমান পানি জমে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ ও পথচারীরা।
দুপুর সাড়ে ১২টার পর শুরু হওয়া বৃষ্টির পরপরই নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলো পানিতে ডুবে যায়। প্রবর্তক মোড়ে গিয়ে দেখা গেছে, প্রধান সড়ক পুরোপুরি হাঁটু সমান পানিতে নিমজ্জিত। মুরাদপুর, চকবাজার, বহদ্দারহাট ও রহমতগঞ্জ এলাকায় সড়কে পানি জমে যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়। অনেক জায়গায় রিকশা ও সিএনজিচালিত অটোরিকশার চাকা পানিতে ডুবে যেতে দেখা গেছে। কোথাও কোথাও পথচারীদের জুতা হাতে নিয়ে পানি মাড়িয়ে চলতে হয়েছে।
নালার বাঁধে আটকে পানি, বাড়ছে ভোগান্তি
স্থানীয়দের অভিযোগ, জলাবদ্ধতা নিরসন প্রকল্পের আওতায় নালায় দেওয়া অস্থায়ী বাঁধের কারণে পানি দ্রুত নামতে পারছে না। ফলে অল্প বৃষ্টিতেই সড়কে পানি জমে জনদুর্ভোগ বাড়ছে।
মুরাদপুর এলাকার বাসিন্দা জাফর আলম বলেন, অল্প বৃষ্টিতেই এসব এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে, যা নিয়মিত ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রবর্তক মোড়ে আটকে পড়া পথচারী তানভির জানান, এই এলাকায় সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা দেখা দেয়। বৃষ্টির পানির সঙ্গে ড্রেনের ময়লা পানি মিশে একাকার হয়ে যায় এবং নিয়মিত এই দুর্ভোগ পোহাতে হচ্ছে।
খোঁজ নিয়ে জানা গেছে, জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ চলমান থাকায় বিভিন্ন নালায় অস্থায়ী বাঁধ দেওয়া হয়েছে। বৃষ্টির সময় এসব বাঁধ অপসারণ না করায় পানি দ্রুত সরতে পারছে না। ফলে সড়কে পানি জমে কৃত্রিম বন্যার মতো পরিস্থিতি তৈরি হচ্ছে।
বৃষ্টির পূর্বাভাস ও সতর্কতা
আবহাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নগরীতে ১০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। চট্টগ্রাম আমবাগান আবহাওয়া অফিসের ইনচার্জ বিজন রায় বলেন, মৌসুমি বায়ু সক্রিয় থাকায় আগামী ২৪ ঘণ্টায়ও বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।
পতেঙ্গা আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ বিশ্বজিৎ চৌধুরী জানান, গত ২৪ ঘণ্টায় ৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে এবং আগামী চারদিন মাঝারি থেকে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। জলাবদ্ধতা ও পাহাড়ধসের আশঙ্কায় সতর্কতা জারি করা হয়েছে। একই সঙ্গে সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।
কর্তৃপক্ষের ব্যাখ্যা
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা ক্যাপ্টেন ইখতিয়ার উদ্দীন আহমেদ চৌধুরী বলেন, প্রবর্তক এলাকায় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ জলাবদ্ধতা নিরসনে কাজ করছে। এ কারণে সাময়িকভাবে পানিপ্রবাহে কিছুটা বিঘ্ন ঘটছে। তবে উন্নয়নকাজ শেষ হলে এ সমস্যা অনেকটাই কমে আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।




