গ্রাহকের ১৬ লাখ টাকা আত্মসাৎ, চট্টগ্রামে সাবেক সাব-পোস্টমাস্টারের কারাদণ্ড

চট্টগ্রামের বোয়ালখালীর দুটি সাব-পোস্ট অফিসে কর্মরত অবস্থায় গ্রাহকদের সঞ্চয়ী ও মেয়াদি আমানতের প্রায় ১৬ লাখ টাকা আত্মসাতের দায়ে এক সাবেক সাব-পোস্টমাস্টারকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে আত্মসাৎ করা অর্থের সমপরিমাণ জরিমানাও করা হয়েছে।

সোমবার (৩ আগস্ট) চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মো. মিজানুর রহমান এ রায় ঘোষণা করেন।

অভিযুক্ত সাব-পোস্টমাস্টারের নাম এহসানুল হক। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন। পরে সাজা পরোয়ানার ভিত্তিতে তাকে কারাগারে পাঠানো হয়।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) পিপি অ্যাডভোকেট রেজাউল করিম রনি জানান, মামলায় ১৪ জন সাক্ষীর সাক্ষ্য ও উপস্থাপিত প্রমাণে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আসামিকে তিন বছরের কারাদণ্ড দেন। পাশাপাশি আত্মসাৎ করা ১৫ লাখ ৮৩ হাজার ৯০০ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাকে আরও তিন বছরের কারাদণ্ড ভোগ করতে হবে।

মামলার নথি অনুযায়ী, শাকপুরা ও চরণদ্বীপ সাব-পোস্ট অফিসে দায়িত্ব পালনকালে এহসানুল হক গ্রাহকদের কাছ থেকে সঞ্চয়ী ও মেয়াদী আমানতের টাকা গ্রহণ করে পাসবইয়ে জমার এন্ট্রি দিলেও অফিসের মূল ক্যাশ বই ও জার্নাল বইয়ে তা লিপিবদ্ধ না করে আত্মসাৎ করেন।

তদন্তে জানা যায়, শাকপুরা সাব-পোস্ট অফিসে ৬ লাখ ৪২ হাজার টাকা এবং চরদ্বীপ সাব-পোস্ট অফিসে ৯ লাখ ৪১ হাজার ৯০০ টাকা আত্মসাৎ করা হয়। বিভাগীয় তদন্তে মোট ১৫ লাখ ৮৩ হাজার ৯০০ টাকা আত্মসাতের অভিযোগ প্রমাণিত হলে ২০১৬ সালের ১৪ জুলাই বোয়ালখালী থানায় মামলা দায়ের করা হয়। পরে দুদকের তদন্ত শেষে ২০১৭ সালের ৩০ মে আদালতে অভিযোগপত্র দাখিল করা হলে মামলার বিচার কার্যক্রম শুরু হয়।

এএইচ/ডিজে

ksrm