গাড়ি চুরির ঘটনায় রাউজানের সাবেক ইউপি চেয়ারম্যানসহ আটক ৩

চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রাইভেটকার চুরির ঘটনায় রাউজানের এক সাবেক ইউপি চেয়ারম্যানসহ তিনজনকে আটক করা হয়েছে। তবে ওই সাবেক চেয়ারম্যানকে মামলা থেকে বাদ দেওয়ার জন্য ওসি চাপ প্রয়োগ করেছেন বলে অভিযোগ উঠেছে।

রোববার (১২ জুলাই) রাত সাড়ে ১১টায় উপজেলার ফৌজদারহাট এলাকায় অভিযান চালিয়ে ব্যবসায়ী আহমদ কবির মানিকের চুরি হওয়া টয়োটা এক্সিও প্রাইভেটকার উদ্ধার করে পুলিশ। এ সময় মূলহোতা হিসেবে রাউজান উপজেলার একটি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মুমিন, আফতাব উদ্দিন গালিব (২৪) এবং কাজী মোহাম্মদ নবী ওরফে তানভীরকে আটক করা হয়।

ভুক্তভোগী পরিবার জানায়, আটকের পর মূল অভিযুক্ত মুমিনকে থানাহাজতে না রেখে ওসির কক্ষের পাশেই বসিয়ে রাখা হয়। একইসঙ্গে সোমবার দুপুর থেকে মামলার এজাহারে তার নাম অন্তর্ভুক্ত না করতে বাদিপক্ষের ওপর চাপ প্রয়োগ করা হয়।

উদ্ধার করা গাড়ির মালিক আহমদ কবির মানিকও একই অভিযোগ করেন।

অভিযোগের বিষয়ে জানতে সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলামের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

এ বিষয়ে জানতে চাইলে পুলিশের আরেক ঊর্ধ্বতন কর্মকর্তা চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) সিরাজুল ইসলাম জানান, বিষয়টি তার নজরে এসেছে। এ বিষয়ে ওসির সঙ্গে কথা বলা হচ্ছে। যাতে কেউ অন্যায়ের শিকার না হন, সে বিষয়টি নিশ্চিত করা হবে।

টিএ/ডিজে

ksrm