সড়কে ওঁৎ পেতে ছিলেন ৬ থেকে ৭ জন দুর্বৃত্ত। প্রথমে গাছের গুঁড়ি ফেলে মোটরসাইকেলের গতিরোধ করেন, এরপর ‘পিচ্চি জাহেদ’কে টেনে নামিয়ে এলোপাথাড়ি কুপিয়ে খুন করা হয়। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় সঙ্গে থাকা বন্ধুকেও কোপানো হয়।
রোববার (৩০ আগস্ট) রাত ১০টায় চট্টগ্রামের সাতকানিয়ার পুরানগড় ইউনিয়নের দক্ষিণ পুরানগড় গ্রামের ফরিদ সওদাগরের দোকানের সামনে এ ঘটনা ঘটে।
নিহত জাহেদুল ইসলাম (৩৫) সাতকানিয়ার পুরানগড় ইউনিয়নের পাঁচঘরিয়াপাড়া এলাকার বাসিন্দা। তিনি স্থানীয়ভাবে ‘পিচ্চি জাহেদ’ নামে পরিচিত।
পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে, রাতে মোটরসাইকেলে করে একটি গ্রামীণ সড়ক দিয়ে বাড়ি ফিরছিলেন জাহেদুল। তার মোটরসাইকেলের পেছনে ওয়াহিদ নামে এক বন্ধু বসা ছিলেন। ফরিদ সওদাগরের দোকানের সামনে পৌঁছালে সড়কে আগে থেকেই গাছের গুঁড়ি ফেলে তাদের মোটরসাইকেলের গতিরোধ করে ৬-৭ জন দুর্বৃত্ত।
এরপর জাহেদুলকে মোটরসাইকেল থেকে টেনে নামিয়ে সড়কে ফেলে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। এ সময় ওয়াহিদকেও কুপিয়ে আহত করা হয়। পরে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
স্থানীয়রা গুরুতর আহত জাহেদুলকে উদ্ধার করে সাতকানিয়ার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হামলায় আহত ওয়াহিদ আশঙ্কামুক্ত বলে জানিয়েছে পুলিশ।
এদিকে নিহত জাহেদুলের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। চলতি বছরের শুরুতে সাতকানিয়ার পুরানগড় এলাকায় যৌথ বাহিনীর অভিযানে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ তাকে গ্রেপ্তার করা হয়েছিল। পরে জামিনে কারাগার থেকে মুক্তি পান তিনি।
পুলিশ জানায়, জাহেদুল দীর্ঘদিন চট্টগ্রাম নগরে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন। তার বিরুদ্ধে অবৈধ অস্ত্র রাখা, মাদক কারবার, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে সাতকানিয়া ও চন্দনাইশ থানায় আটটি মামলা রয়েছে।
পুলিশ প্রথমে তাকে চট্টগ্রাম নগরের তালিকাভুক্ত সন্ত্রাসী বলে জানিয়েছিল। পরে তদন্তে জানা যায়, নগরের তালিকাভুক্ত এক সন্ত্রাসীর সঙ্গে তার নামের মিল থাকলেও জাহেদুল ওই ব্যক্তি নন।
সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আরিফুল ইসলাম সিদ্দিকী জানান, ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ ও সুরতহাল প্রতিবেদন তৈরির পর জাহেদুলের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তার মোটরসাইকেলটিও উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, পূর্বশত্রুতার জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে। জড়িতদের কয়েকজনের নাম পাওয়া গেছে। তাদের বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হবে।
এটি/ডিজে




