গলায় গামছা পেঁচিয়ে চট্টগ্রামের এক কাস্টমস কর্মকর্তাকে হত্যার ঘটনায় ছয় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। তারা সবাই ‘গামছা পার্টি’র সক্রিয় সদস্য।
সোমবার (১৩ এপ্রিল) চট্টগ্রামের ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মুহাম্মদ আলী আক্কাসের আদালত এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন—বেল্লাল হোসেন, ডালিম মল্লিক, কামরুর সিকদার, আল আমিন, পনু ব্যাপারী ও মো. হোসেন।
আদালতের অফিস সহকারী মারুফ হোসেন জানান, সাক্ষ্যপ্রমাণে অভিযোগ প্রমাণিত হওয়ায় ছয় আসামি প্রত্যেককে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া ২৫ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। রায় ঘোষণার সময় পনু ব্যাপারী ও মো. হোসেন পলাতক ছিলেন। অন্য আসামিরা এ সময় আদালতে উপস্থিত ছিলেন।
আসামিদের সাজা পরোয়ানামূলে কারাগারে পাঠানো হয়েছে। একইসঙ্গে পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
মামলার নথি থেকে জানা গেছে, নগরীর পাঁচলাইশ এলাকার অংকুর স্কুল মাঠ থেকে ২০০৬ সালের ২৯ আগস্ট কাস্টমস কর্মকর্তা সাঈদ আহমেদ চৌধুরী নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ। তার গলায় গামছা পেঁচানো ছিল। ঘটনার দিন তিনি মীরসরাই থেকে চট্টগ্রাম শহরে আসেন। পথে অটোরিকশাচালক ও তার সহযোগীরা তাকে সুগন্ধা এলাকার বাসায় না নিয়ে মালামাল ছিনিয়ে নেয়। এরপর গলায় গামছা পেঁচিয়ে হত্যা করে লাশ ফেলে যায় তারা।
এ ঘটনায় নিহতের ভাই মঈন উদ্দিন সাঈদ চৌধুরী বাদি হয়ে পাঁচলাইশ থানায় মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ ‘গামছা পার্টির’ সদস্যদের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। ২০১০ সালের ৪ ফেব্রুয়ারি অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু হয়।
টিএ/ডিজে




