গরিবের মাংসও এখন ‘বড়লোকের খাবার’

বিত্তবান থেকে দরিদ্র—সবার প্রোটিনের চাহিদা পূরণে ডিমের রয়েছে বিশেষ ভূমিকা। একসময় সকালের নাস্তা অথবা দুপুরের খাবার, সবখানেই জায়গা করে নেয় স্বল্পমূল্যের এই প্রোটিনসমৃদ্ধ খাবার। কিন্তু বর্তমানে ‘গরিবের মাংস’ খ্যাত এই ডিম যেন মধ্যবিত্তদেরও নাগালের বাইরে চলে যাচ্ছে।

চার মাস আগেও লাল ডিমের খুচরা মূল্য ছিল ডজনপ্রতি ১২০ টাকা এবং পাইকারিতে যা ছিল ১০৭ টাকা। কিন্তু বর্তমানে সেই ডিম খুচরা পর্যায়ে ডজনপ্রতি ১৫০ টাকা এবং পাইকারি পর্যায়ে ১৩৭ টাকায় বিক্রি হচ্ছে।

সাদা ডিমের দামও কম নয়। বর্তমানে খুচরা পর্যায়ে ডজনপ্রতি ১৪৫ টাকা এবং পাইকারি পর্যায়ে ১২২ টাকা দরে বিক্রি হচ্ছে। অপরদিকে হাঁসের ডিম বিক্রি হচ্ছে ডজনপ্রতি ১৮০ থেকে ২০০ টাকায়।

পাহাড়তলী বাজারেও দাম ঊর্ধ্বমুখী

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সরেজমিন চট্টগ্রাম নগরীর অন্যতম বৃহৎ পাইকারি বাজার হিসেবে পরিচিত পাহাড়তলী বাজার ঘুরে ডিমের দামের এই ঊর্ধ্বগতি দেখা গেছে।

পাহাড়তলী বাজারের আড়তদাররা বলছেন, ডিমের দাম বাড়ার শুরুটা হয়েছে প্রান্তিক পর্যায় থেকেই। মুরগির খাবার ও ওষুধের মূল্যবৃদ্ধি, পরিবহন খরচ বেড়ে যাওয়া এবং লোডশেডিংয়ের সময় ডিজেলচালিত জেনারেটর ব্যবহারের কারণে উৎপাদন ও সরবরাহ ব্যয় বেড়েছে। এসব বাড়তি খরচের প্রভাব পড়েছে ডিমের বাজারেও। ফলে পাইকারি বাজারের পাশাপাশি খুচরা বাজারেও বেড়েছে দাম।

মধ্যবিত্তেরও নাগালের বাইরে

ডিমের দাম চার মাস আগেও যেখানে নিম্নবিত্তদের নাগালের মধ্যে ছিল। কিন্তু বর্তমানে ডজনপ্রতি ২০-৩০ টাকা বেড়ে গিয়ে তা মধ্যবিত্তদেরও নাগালের বাইরে চলে গেছে।

নগরীর বউবাজার এলাকার বাসিন্দা গৃহিণী সেলিনা আক্তার বলেন, ‘মাছ-মাংসের ঘাটতি পূরণে সাধারণ মানুষের অন্যতম ভরসা ছিল ডিম। কিন্তু দাম বেড়ে যাওয়ায় সেটিও এখন প্রায় নাগালের বাইরে।’

তিনি বলেন, ‘জিনিসপত্রের দাম কমবে—এমন আশা করাও যেন বেকার। এভাবেই দাম বাড়তে থাকলে আমাদের মতো মধ্যবিত্তরা না খেয়ে মরবে।’

উৎপাদিত ডিম কতটা চাহিদা মেটায়?

প্রাণিসম্পদ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে দেশে প্রায় ২ হাজার ৪৪১ কোটি ডিম উৎপাদিত হয়েছে। এতে দেশের মানুষের মাথাপিছু বছরে ডিমের প্রাপ্যতা দাঁড়ায় ১৩৭টির কিছু বেশি। তবে এই হিসাব নিয়ে প্রশ্ন রয়েছে।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ২০২২ সালের ‘খানা আয়-ব্যয়’ জরিপের তথ্য অনুযায়ী, দেশে মানুষের মাথাপিছু দৈনিক ডিম গ্রহণের পরিমাণ ১২ দশমিক ৭ গ্রাম, যা ২০১৬ সালের তুলনায় কম। ২০১৬ সালে মাথাপিছু দৈনিক ডিম গ্রহণের পরিমাণ ছিল ১৩ দশমিক ৬ গ্রাম।

২০২২ সালে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর দেশে অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের পাশাপাশি ডিমের দামও বাড়তে থাকে। ওই সময়ে খাদ্য ও উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ায় বাজারে এর প্রভাব পড়ে।

এর আগে বছরজুড়ে ডিমের ডজনের দাম ৮৫ থেকে ১২০ টাকার মধ্যে ওঠানামা করলেও বর্তমানে তা ১২৫ থেকে ১৬০ টাকার মধ্যে থাকছে। ফলে ডিমের মতো তুলনামূলক সাশ্রয়ী ও সহজলভ্য প্রোটিনের দাম বেড়ে যাওয়ায় নিম্ন ও মধ্যআয়ের মানুষের খাদ্যতালিকায়ও এর প্রভাব পড়ছে।

এটি/ডিজে

ksrm