গণমাধ্যমকর্মীদের ওপর হামলার ঘটনায় পিজা’র নিন্দা ও প্রতিবাদ

ঢাকায় পেশাগত দায়িত্ব পালনের সময় দুই গণমাধ্যমকর্মীর ওপর হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে পিসিআইইউ জার্নালিজম অ্যালামনাই অ্যাসোসিয়েশন (পিজা)।

আহতদের মধ্যে সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার মেহেদী হাসান কামরুল পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (পিসিআইইউ) সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের ৭তম ব্যাচের সাবেক শিক্ষার্থী এবং পিজা’র সদস্য। এছাড়া আহত অপরজন হলেন ক্যামেরাপার্সন সিফাত শাহরিয়ার।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে ঢাকার মিরপুর-১০ নম্বর এলাকায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) হকার উচ্ছেদ অভিযানের সংবাদ সংগ্রহে গেলে তাদের ওপর হামলা করে হকার ও ফুটপাত ব্যবসায়ীরা।

হামলায় মারাত্মকভাবে আহত হন মেহেদী হাসান কামরুল ও সিফাত শাহরিয়ার। পরে অবরুদ্ধ অবস্থা থেকে তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়।

এমন ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে পিজা’র সভাপতি ইমরান বিন ছবুর ও সাধারণ সম্পাদক সারোয়ার আহমেদ বলেন, এই হামলা গণমাধ্যমের স্বাধীনতার ওপর নগ্ন আঘাত। এ ধরনের হামলা মুক্ত সাংবাদিকতার জন্য চরম হুমকির। দেশে সুশাসন ও গণতন্ত্র সুপ্রতিষ্ঠার জন্য মুক্ত সাংবাদিকতার বিকল্প নেই। তাই অবিলম্বে হামলায় জড়িতদের শনাক্ত করে, আইনের আওতায় এনে, দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

ksrm