খেলাধুলার সঙ্গে পিঠা উৎসব, চট্টগ্রামে আইএবির তিন দিনের আয়োজন শেষ

চট্টগ্রামে স্থাপত্যবিদদের মিলনমেলায় খেলাধুলা আর শীতের উৎসব একসঙ্গে মিশে গেল। তিন দিনব্যাপী প্রতিযোগিতা ও আনন্দ আয়োজনের পর ইনস্টিটিউট অব আর্কিটেক্টস বাংলাদেশ (আইএবি), চট্টগ্রাম চ্যাপ্টারের স্পোর্টস কার্নিভেল শেষ হলো রবিবার (৮ ফেব্রুয়ারি) রাতে। নগরের অক্সিজেন স্পোর্টস জোনে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে পুরস্কার বিতরণের পাশাপাশি বসে শীতকালীন পিঠা উৎসব।

আইএবি চট্টগ্রাম চ্যাপ্টারের উদ্যোগে আয়োজিত এ স্পোর্টস কার্নিভেলের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে স্পন্সর প্রতিষ্ঠান ব্লু টার্চ লাইফস্টাইলের ব্যবস্থাপনায় আয়োজন করা হয় পিঠা উৎসব। অতিথিরা কেক কেটে অনুষ্ঠানের সূচনা করেন। একই সঙ্গে ব্লু টার্চ লাইফস্টাইলের স্টলে নির্মাণসামগ্রী, ইন্টেরিয়র ডেকোরেশন ডিজাইন, ঘরের টাইলস ও ফিটিংস সামগ্রীর প্রদর্শনী করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লায়ন ডিস্ট্রিক্ট ৩১৫ বি-৪-এর ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন মুহাম্মদ মোসলেহ উদ্দিন অপু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইএবি প্রেসিডেন্ট আর্কিটেক্ট ফজলে ইমরান চৌধুরী এবং ব্লু টার্চ লাইফস্টাইলের স্বত্বাধিকারী লায়ন মোহাম্মদ শাহেদুল ইসলাম।

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজিএমইএ পরিচালক লায়ন সাইফুল্লাহ মুনসুর, লায়ন আবু মোরশেদ, মোহাম্মদ নেওয়াজ আলী, ইঞ্জিনিয়ার রাজিব কুমার দাশ, তৌকির তাজাম্মাল, আইএবি সেক্রেটারি আর্কিটেক্ট আসাদুজ্জামান চৌধুরী, ট্রেজারার আবদুল্লাহ রোমান, আর্কিটেক্ট মেহেদী ইফতেখার, তুহিন বড়ুয়া, হোসেন মুরাদ, অনিকেত চৌধুরী, আশরাফুল ইসলাম সুবন, গোলাম রব্বানী চৌধুরী, মোহাম্মদ ফয়সাল ভুঁইয়া প্রমুখ।

তিন দিনব্যাপী এই স্পোর্টস কার্নিভেলের মাধ্যমে আইএবি চট্টগ্রাম চ্যাপ্টারের সদস্যদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, খেলাধুলা ও উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। সমাপনী রাতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় এবং অংশগ্রহণকারীদের মিলনমেলায় পরিণত হয় আয়োজনটি।

ksrm