চট্টগ্রাম নগরীর খুলশীতে নিজ বাসায় বসে ভাত খাওয়ার সময় ডেকে নিয়ে এক কিশোরকে ছুরি মেরে খুন করা হয়েছে। ছুরির আঘাতে তার কান কেটে যায় এবং পেটের ভুড়ি বের হয়ে যায়। এ ঘটনায় ছয়জনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে নগরের খুলশী থানার পাহাড়তলী ওয়্যারলেস কলোনির চার নম্বর গলিতে এ ঘটনা ঘটে।
নিহত কিশোরের নাম হৃদয় (১৬)। সে ওয়্যারলেস কলোনি সড়কের রাস্তার পাশে দৃষ্টি প্রতিবন্ধী বাবার সঙ্গে ভ্যানে সবজি বিক্রি করতো।
পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, কয়েক দিন আগে স্থানীয় একটি কিশোর গ্যাংয়ের কয়েকজনের সঙ্গে হৃদয়ের ঝগড়া হয়। এর জের ধরে মঙ্গলবার রাতে তাকে বাসা থেকে ডেকে রাস্তায় নিয়ে যাওয়া হয়। সেখানে প্রথমে তার কান কেটে দেওয়া হয়। পরে তাকে পেটে ছুরিকাঘাত করা হয়।
গুরুতর আহত অবস্থায় হৃদয়কে উদ্ধার করে স্বজনরা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এরপর বুধবার দুপুর ১২টা পর্যন্ত নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ছয়জনকে আটক করা হয়। পুলিশ বলছে—আটক ব্যক্তিরা একই এলাকার একটি কিশোর গ্যাংয়ের সদস্য।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুর রহিম বলেন, বাসা থেকে ডেকে নিয়ে ওই কিশোরকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় একটি কিশোর গ্যাংয়ের সদস্যদের আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
ওসি আরও জানান, পুলিশ প্রাথমিকভাবে জানতে পেরেছে, আটক ব্যক্তিরা ওয়াকিল হোসেন বগার নিয়ন্ত্রণে থাকা একটি কিশোর গ্যাংয়ের সদস্য। ওয়াকিল হোসেন বগা নগর স্বেচ্ছাসেবক দলের (বহিষ্কৃত)সাবেক যুগ্ম আহ্বায়ক নেতা। তাকে ধরতেও পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এএইচ/ডিজে




