চট্টগ্রাম নগরীর খুলশীতে কাউন্সিলর নির্বাচন নিয়ে ফেসবুক পোস্টে কমেন্টের জেরে দুই গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছে অন্তত তিনজন। এ গটনায় দুই পক্ষই থানায় অভিযোগ দায়ের করেছেন।
রোববার (২৯ মার্চ) বিকেলে জালালাবাদ লোহাগাড়া হাউজিং সোসাইটিতে জামায়াত সমর্থিত মাহফুজ আলমের অনুসারী তসলিম ও ছাত্রদল নেতা জুনায়েদ অনুসারীদের মধ্যে এ সংঘর্ষ হয়।
সোমবার খুলশী থানায় জুনায়েদ বাদি হয়ে ৪ জনের বিরুদ্ধে এবং তসলিম বাদি হয়ে ছয় জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।
সূত্র জানায়, ১৩ ওয়ার্ডে সম্ভাব্য কাউন্সিলর প্রার্থীর পোস্টে মাহফুজ আলম একটি কমেন্ট করেন। সেটিকে কেন্দ্র করে বিকেলে দুই গ্রুপের মধ্যে মারামারি হয়। এতে জুনায়েদ, তসলিমা ও হুমায়ুন কবির নামে তিনজন আহত হন।
আহত জুনায়েদ জানান, জামায়াত সমর্থিত সম্ভাব্য এক কাউন্সিলর পদপ্রার্থীর ফেসবুক পোস্টে তিনি কমেন্ট করেন। এ সময় ওই ব্যক্তির অনুসারী তসলিম, হুমায়ুনসহ অন্যরা তার
কাছে কমেন্টের কারণ জানতে চান। এ সময় দুই পক্ষের তর্কাতর্কির মধ্যে হাতাহাতি ও পরে মারামারির ঘটনা ঘটে।
খুলশীর ছাত্রদল নেতা সাইফুল ইসলাম রবি জানান, জামাতপন্থী তসলিম, হুমায়ুনসহ আরও কয়েকজন জুনায়েদকে মারধর করলে আমি বাধা দিই।
অপর অভিযোগকারী তসলিমের কাছে এ বিষয়ে জানতে তার মুঠোফোনে কল করা হলেও তিনি রিসিভ করেননি।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল ইসলাম বলেন, মূলত একটি পক্ষ আগে ছাত্রলীগ-যুবলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিল। অবৈধ দোকান নির্মাণ করে তা দখলে রাখতে পরে জামাতপন্থী দলীয় রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হয়। দোকানকে কেন্দ্র করে দুই পক্ষের মারামারি বলে প্রাথমিকভাবে ধারণা করছি।
জেএস/ডিজে




