খাগড়াছড়ির দীঘিনালায় ইয়াবা ও তৈরির সরঞ্জামসহ এক যুবককে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। এ সময় ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তির নাম সবুজ কুমার দে। তিনি চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার হারুয়ালছড়ি এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দীঘিনালা থানায় মামলা হয়েছে।
সোমবার (৫ জানুয়ারি) বিকেলে উপজেলার মেরুং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ৯ মাইল গোলছড়ি এলাকার দুর্গম পাহাড়ের একটি পরিত্যক্ত জুমঘর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
জানা গেছে, গোপন খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। সেনাবাহিনীর দীঘিনালা জোন ও পুলিশের সমন্বিত এই অভিযানে সবুজকে গ্রেপ্তারের পাশাপাশি জুম ঘরটি থেকে ১০টি ইয়াবা বড়ি এবং ইয়াবা তৈরির বিভিন্ন উপাদান ও সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তার সবুজকে আদালতে পাঠানো হয়েছে।
ডিজে




