কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের ধানের শীষের প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বাংলাদেশে আজকে নতুন করে মুক্তিযুদ্ধের ইতহাস বলা শুরু হয়েছে। একটি দল বাংলাদেশ জামায়াতে ইসলাম, যারা স্বাধীনতার বিরোধিতা করেছিল, তারা এখন মুক্তিযুদ্ধের ইতিহাস বর্ণনা শুরু করেছেন। জামায়াতের আমীর বলেছেন, এদেশের স্বাধীনতার ঘোষণা নাকি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেননি, তৎকালীন মেজর জিয়া দেননি! কর্নেল (অব.) অলি সাহেব নাকি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। এরা যেভাবে প্রলাপ বকা শুরু করেছে। এটা অস্বাভাবিক না। যারা স্বাধীনতার বিরোধিতা করেছিল তারা মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করবে এটা স্বাভাবিক বিষয়। আগামীতে কোনোদিন হয়তো শুনতে হবে জামায়াতে ইসলাম এদেশের স্বাধীনতার পক্ষে যুদ্ধ করেছিলেন।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকালে কক্সবাজারের চকরিয়া মাতামুহুরী সাংগঠনিক উপজেলার পথসভায় এসব কথা বলেন সালাহউদ্দিন আহমদ।
তিনি বলেন, বাংলাদেশের মানুষ জানে, আজকে তারা যে নবরূপে মুক্তিযুদ্ধের দল হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই। সেটা একটা প্রতারণা, ধোকাবাজি। এখন তারা বলছেন, তাদেরও নাকি একজন মুক্তিযোদ্ধা আছেন। একজন মুক্তিযোদ্ধাকে তাদের জোটে যোগদান করিয়েছে, অন্যকথায় বলতে গেলে ভাড়াটিয়া। ওই মুক্তিযোদ্ধাকে তারা স্বাধীনতার ঘোষকও বানাচ্ছে। এদেশের মুক্তিযোদ্ধারা কোনোদিন সেটা মেনে নেবে না, তারা প্রতিবাদ জানাবে তা আমরা বিশ্বাস করি।
এ সময় উপস্থিত ছিলেন মাতামুহুরী সাংগঠনিক উপজেলা বিএনপির সভাপতি জামিল ইব্রাহিম, সাধারণ সম্পাদক হেফাজুতুর রহমান টিপু, সাংগঠনিক সম্পাদক শোয়াইবুল ইসলাম সবুজসহ বিএনপির সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
ডিজে



