চট্টগ্রাম নগরীর কোতোয়ালীতে প্রতারণা ও ঋণখেলাপি মামলায় নাসিমুল হাসান চৌধুরী নামে এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত ২৯ মে (শুক্রবার) দুপুরে নগরীর জেএম সেন হল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। নাসিম কোতোয়ালী থানার রহমতগঞ্জ এলাকার মৃত জহির উদ্দিন আহমদের ছেলে। তিনি গাড়ির ব্যবসা দেখিয়ে লোন নিলেও তিনি মূলত একজন গাড়ি কেনাবেচার দালাল ছিলেন। এর আগে একজনকে হাতুড়ি দিয়ে মেরে ১৫ দিন কারাভোগ করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, নাসিম হাসান চৌধুরী ঋণখেলাপি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে ছিলেন তিনি।
অর্থ ঋণ আদালতের সাজাপ্রাপ্ত নাসিমুল হাসান চৌধুরী হাবিব ব্যাংক থেকে ঋণ নিয়েছিলেন। সঠিক সময়ে ঋণ পরিশোধ করতে না পারায় ব্যাংক মামলা করলে তাকে ৩০ মাসের কারাদণ্ড দেওয়া হয়। সেই ওয়ারেন্টে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
জানা গেছে, নাসিমুল হাসান চৌধুরী জাল কাগজপত্র দেখিয়ে হাবিব ব্যাংক থেকে ৩৬ লাখ টাকা ঋণ নেন তিনি। পরে তা খেলাপি হলে ৩ মাসের কারাদণ্ড দেন আদালত।
এ বিষয়ে কোতোয়ালী থানার উপ পরিদর্শক নাজিম উদ্দীন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
ডিজে




