কুলগাঁও হাশেমী দরবারে ফ্রি চিকিৎসা ও খৎনা ক্যাম্প

আধ্যাত্মিকতার পরিমণ্ডলে মানবসেবার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে নগরের কুলগাঁও দরবারে হাশেমীয়া আলীয়া শরীফ। ইমামে আহলে সুন্নত আল্লামা নুরুল ইসলাম হাশেমী (রহ.)-এর ৬ষ্ঠ চন্দ্র বার্ষিক ওরশ শরীফকে কেন্দ্র করে আয়োজিত হয়েছে ব্যতিক্রমী ফ্রি চিকিৎসা ও খৎনা ক্যাম্প।

শনিবার (২৮ মার্চ) সকাল সাড়ে ৯টায় শাহজাদা কাজী আবুল বয়ান হাশেমীর উদ্বোধন ও বিশেষ মোনাজাতের মাধ্যমে শুরু হয় এই মানবিক কর্মসূচি। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি সমাজের বিত্তবানদের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

আয়োজক সূত্রে জানা গেছে, এই ক্যাম্পের মাধ্যমে শতাধিক সুবিধাবঞ্চিত শিশুদের বিনামূল্যে খৎনার ব্যবস্থা করা হয়েছে। একই সঙ্গে শিশুদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করতে অভিজ্ঞ ও দক্ষ চিকিৎসকদের একটি টিম সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে। শুধু খৎনা নয়, সাধারণ রোগীদের জন্যও উন্মুক্ত রাখা হয়েছে এই ফ্রি মেডিকেল ক্যাম্প।

চিকিৎসাসেবার অংশ হিসেবে বিভিন্ন রোগের প্রাথমিক চিকিৎসা, স্বাস্থ্য পরামর্শ এবং প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে প্রদান করা হচ্ছে। ফলে নিম্নআয়ের মানুষজন সহজেই চিকিৎসা সুবিধা গ্রহণের সুযোগ পাচ্ছেন, যা তাদের জন্য বড় ধরনের স্বস্তি বয়ে এনেছে।

দুপুরের পর থেকে ক্যাম্প এলাকায় উপকারভোগীদের উপস্থিতি উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পায়। নারী, পুরুষ ও শিশুসহ বিভিন্ন বয়সী মানুষ দীর্ঘ লাইনে দাঁড়িয়ে চিকিৎসা গ্রহণ করেন।

শাহাজাদা আবুল বয়ান হাশেমী বলেন, ওরশ শরীফ উপলক্ষে নেওয়া এই মানবিক উদ্যোগ কেবল ধর্মীয় আয়োজনের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি সমাজকল্যাণমূলক কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ অংশ। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।

মাওলানা ইদ্রিস আনসারী বলেন,হুজুর কেবলা উনার জীবদ্দশায় আমাদেরকে মানবিকতার শিক্ষা দিয়ে গিয়েছেন, আমরা কেবলই হুজুর কেবলার দেখানো পথে হাঁটছি, হুজুরকেবলা যা যা করে গিয়েছেন সেগুলোর ধারাবাহিকতা অব্যহত রাখছি।

তিন দিনব্যাপী এই ফ্রি চিকিৎসা ও খৎনা ক্যাম্প চলবে, যেখানে প্রতিদিনই অসংখ্য মানুষ সেবা গ্রহণ করছেন এবং আয়োজকদের এই উদ্যোগ ব্যাপক প্রশংসা কুড়াচ্ছে।

ksrm