কক্সবাজারের কুতুবদিয়ায় পুকুরে ডুবে একইদিনে তিন শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (১৫ নভেম্বর) উপজেলার কৈয়ারবিল ও দক্ষিণ ধুরুং ইউনিয়নে পৃথক দুটি ঘটনায় এসব মৃত্যু ঘটে।
নিহত শিশুরা হলো—কক্সবাজার পৌরসভার চরপাড়ার ইলিয়াসের ছেলে আব্দুল্লাহ (১), রামুর গর্জনিয়ার বড় বাগছড়ির কবির আহমদের মেয়ে জোসনা আক্তার (৮) ও দক্ষিণ ধুরুং ইউনিয়নের বেলাল হোছাইনের ছেলে তাফসির (৪)।
স্থানীয় সূত্র জানায়, শনিবার শুঁটকি শুকানোর কাজে মৌসুমি শ্রমিক হিসেবে কৈয়ারবিলের মৌলভীপাড়ায় অবস্থান করছিলেন ইলিয়াস। এদিন সকাল ৯টার দিকে পুকুর পাড়ে খেলতে গিয়ে পানিতে পড়ে যায় শিশু আব্দুল্লাহ। তাকে উদ্ধারের চেষ্টা করতে গিয়ে ডুবে মারা যায় তার খালাতো বোন জোসনা আক্তারও।
অপরদিকে দুপুর দেড়টার দিকে দক্ষিণ ধুরুং ইউনিয়নে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় চার বছর বয়সী তাফসির। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্যাথোয়াইপ্রু মারমা বলেন, পারিবারিক অসচেতনতা ও যত্রতত্র খোলা পুকুর থাকার কারণে শিশু মৃত্যুর ঘটনা কমছে না। স্থানীয় জনপ্রতিনিধি ও কোস্ট ফাউন্ডেশনকে নিয়ে জনসচেতনতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে।
এএইচ/ডিজে




