কুতুবদিয়ায় কয়লাবাহী জাহাজে আরেক জাহাজের ধাক্কা, সুপার স্ট্রাকচার নষ্ট

বঙ্গোপসাগরের কুতুবদিয়া সংলগ্ন আলফা অ্যাঙ্করেজ এলাকায় দুটি জাহাজের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একটি জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ‘এমভি এইচজি সিডনি’ ও ‘এমভি এপিজে শিরিন’ নামে দুটি বাল্ক ক্যারিয়ারের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার পরপর দুই জাহাজের পক্ষ থেকে ভেসেল ট্রাফিক ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমে (ভিটিএমআইএস) বিষয়টি জানানো হয়। সংঘর্ষে এমভি এইচজি সিডনির বাম পাশের হালে ক্ষতি হয়েছে। তবে দুর্ঘটনার পর দুটি জাহাজই নিরাপদ অবস্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

এমভি এপিজে শিরিন নামে জাহাজটি কয়লা বহন করছিল। তবে দুর্ঘটনায় কয়লার কোনো ক্ষতি হয়নি। সাগরেও দূষণ ছড়িয়ে পড়ার কোনো খবরও নেই।

এদিকে ক্ষতিগ্রস্ত লাইটার জাহাজের মালিকপক্ষ মেসার্স হোসাইন এন্টারপ্রাইজের মালিক মো. জামাল হোসেন ‘এমভি এইচজি সিডনি’ জাহাজের স্থানীয় এজেন্ট লিটমন্ড শিপিং লিমিটেডকে চিঠি দিয়ে জানিয়েছেন।

চিঠিতে উল্লেখ করা হয়, মঙ্গলবার ‘এমভি এপিজে শিরিন’ মাদারভ্যাসেল থেকে কিউএনএস শিপিং লজিস্টিকস লিমিটেডের কয়লা কুতুবদিয়া থেকে পায়রা গন্তব্যে পরিবহনের জন্য বোঝাই করা অবস্থায় সকাল ৯টায় ‘এমভি এইচজি সিডনি’ সরাসরি সজোরে লাইটার জাহাজের সামনের দিকে আঘাত করলে নিচ থেকে জাহাজের উপরিভাগ পর্যন্ত সুপার স্ট্রাকচার পুরোপুরি নষ্ট হয়ে যায়। লাইটার জাহাজটি সদ্য ডকিং করে প্রথম ট্রিপে লোডিং হচ্ছিলো।

চিঠিতে ‘এমভি সানি ৫’ লাইটার জাহাজের টোটাল ড্যামেজের পরিমাণ যৌথ সার্ভের মাধ্যমে তদন্তপূর্বক নির্ধারণের অনুরোধ জানানো হয়। একইসঙ্গে ক্ষতিপূরণ দিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সার্বিক সহযোগিতা কামনা করেন।

ডিজে

ksrm