কুড়িয়ে পাওয়া ‘গ্যাস গ্রেনেড’ নিয়ে খেলছিল দুই শিশু, অতঃপর…

ঝিরির পাশে খেলতে গিয়ে দুই শিশু পলিথিনে মোড়ানো দুটি অচেনা বস্তু পায়। কৌতূহলবশত পলিথিন খুলে তারা বস্তুগুলো নিয়ে খেলতে থাকে। এ পর্যায়ে স্থানীয়রা দেখলে, তারা বস্তু দুটি ‘বোমা’ বলে জানান। এরপর শিশুরা তা টহল পুলিশের হাতে তুলে দেয়। পরে জানা যায়, বস্তু দুটি ‘গ্যাস গ্রেনেড’।

শনিবার (৩১ জানুয়ারি) সকালে বান্দরবান পৌরসভার কাশেমপাড়া এলাকার একটি ঝিরির পাশে গ্রেনেড দুটি পাওয়া যায়।

স্থানীয়রা জানান, তনিম ও তানভিরসহ কয়েকজন শিশু সকালে ঝিরির পাশে খেলতে গিয়েছিল। তারা পলিথিনে মোড়ানো দুটি অচেনা বস্তু দেখতে পেয়ে কৌতূহলবশত তা খুলে নিয়ে আসে। স্থানীয়রা বস্তুগুলো ‘বোমা’ বলায় শিশুরা বাসস্টেশন এলাকায় টহলরত পুলিশের কাছে বস্তু দুটি হস্তান্তর করে।

বান্দরবান জেলা পুলিশ সুপার মো. আবদুর রহমান বলেন, উদ্ধার হওয়া বস্তু দুটি গ্যাস গ্রেনেড, যা সাধারণত পুলিশ দাঙ্গা বা ছত্রভঙ্গ করতে ব্যবহার করে।

তিনি আরও জানান, এগুলো বান্দরবান পুলিশের গ্রেনেড নয় এবং ধারণা করা হচ্ছে, অন্য কোনো জেলা থেকে লুট হওয়া গ্রেনেড হতে পারে।

এএইচ/ডিজে

ksrm