কিশোরী অন্তঃসত্ত্বা হওয়ার পর ফাঁস ধর্ষণের ঘটনা, গ্রেপ্তার দুই সহকর্মী

চট্টগ্রামের কর্ণফুলীতে ১৪ বছর বয়সী এক কিশোরী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি প্রায় তিন মাস আগে সংঘটিত হলেও ভুক্তভোগী কিশোরী অন্তঃসত্ত্বা হওয়ায় বিষয়টি প্রকাশ্যে আসে। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (২৪ জানুয়ারি) ঘটনাটি জানাজানি হলে ভুক্তভোগী পরিবারের অভিযোগের ভিত্তিতে চরলক্ষ্যার সৈন্যরটেক আমিন ফ্যান ফ্যাক্টরিতে অভিযান চালায় পুলিশ। অভিযানে পাঁচজনকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদ ও স্বীকারোক্তির ভিত্তিতে দুজনকে গ্রেপ্তার দেখানো হয়।

গ্রেপ্তার দুই হলেন— শিকলবাহা ৩ নম্বর ওয়ার্ড বধুর গোষ্ঠীর বাড়ির মো. রুবেলের ছেলে মো. পাভেল (১৬) এবং একই ওয়ার্ডের বিল্লাপাড়া এলাকার মো. এরশাদের ছেলে মো. এনাম (১৬)।

ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগী কিশোরী ও অভিযুক্তরা একই ফ্যাক্টরিতে কর্মরত ছিলেন। কাজের ফাঁকে প্রায় তিন মাস আগে ফ্যাক্টরির ভেতরের একটি নির্জন স্থানে নিয়ে গিয়ে কিশোরীকে যৌন নিপীড়ন করা হয়। অভিযুক্তদের ভয়ভীতি ও সামাজিক মানসম্মানের ভয়ে বিষয়টি এতদিন গোপন ছিল বলে দাবি করে ওই কিশোরী।

পরে ভুক্তভোগী কিশোরী অসুস্থ হয়ে পড়লে শারীরিক চিকিৎসা ও পরীক্ষায় তার অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি নিশ্চিত হয়। এরপর শনিবার বিষয়টি এলাকায় জানাজানি হলে পরিবার থানায় অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করেন বলে পুলিশ জানিয়েছে।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনূর আলম বলেন, ‘খবর পাওয়ার পর অভিযান চালিয়ে কয়েকজনকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে ঘটনায় সরাসরি জড়িত দুইজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

জেজে/ডিজে

ksrm